সোনারগাঁওয়ে ২৫ কিলোমিটার যানজট, সমস্যায় মানুষ

আপডেট : ২০ এপ্রিল ২০১৯, ০০:১৯

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনা টোল প্লাজা এলাকা থেকে মহাসড়কের দুই প্রান্তে প্রায় ২৫ কিলোমিটার এলাকাজুড়ে শুক্রবার তীব্র যানজটের সৃষ্টি হয়। গতকাল সকাল থেকেই সেখানে যানজট হতে থাকে। দিনভর অব্যাহত এই যানজটে পড়ে শত শত যাত্রী ও পরিবহন শ্রমিকরা চরম কষ্টের শিকার হন। অনেক যাত্রী তাদের নির্ধারিত গন্তব্যে পৌঁছতে পায়ে হেঁটেই রওনা দেন। এলাকাবাসী ও পরিবহন মালিক শ্রমিকরা জানান, শবেবরাতসহ তিন দিনের সরকারি ছুটির কারণে যানবাহনের চাপ অন্যদিনের তুলনায় চারগুণ বেশি বেড়ে যায়। এ ছাড়া মেঘনা সেতুর টোল আদায়ে ধীরগতি, অতিরিক্ত যানবাহন চলাচল, কাঁচপুর সেতুতে গাড়ি বিকল, নতুনভাবে দুটি সেতুর কাজ পরিচালনা করা, সেতুর উপর যাত্রীবাহী বাস বিকল হওয়া ও কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের দায়িত্বে অবহেলাও এই যানজট সৃষ্টির অন্যতম কারণ।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাইয়ুম আলী সরদার জানান, শুক্রবার ভোরে কাঁচপুর সেতুতে তিনটি গাড়ি বিকল হওয়ার কারণে যান চলাচল বন্ধ থাকে। ফলে সৃষ্টি হয় যানজটের। এই যানজটের প্রভাব কাঁচপুর থেকে গজারিয়া উপজেলার বাউশিয়া এলাকা পর্যন্ত এবং অন্যদিকে সাইনবোর্ড ও শনির আখড়া পর্যন্ত গিয়ে পড়ে।

গতকাল বিকেলে সরেজমিন মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় গিয়ে দেখা যায়, সেখানে আটকে আছে শতশত যানবাহন। আধা ঘণ্টা পরপর সামান্য এগোনো গেলেও গাড়ি আবার মুহূর্তের মধ্যে থেমে যাচ্ছে।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি তদন্ত আলী রেজা জানান, সরকারি ছুটিসহ টানা ৩ দিন ছুটি হওয়ায় ঘরমুখী হয়ে পড়ে মানুষ। অনেকে তাদের গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হয়। অতিরিক্ত সংখ্যক যানবাহন চলাচল করার কারণে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যানজট সৃষ্টি হয়। যানজট নিরসনে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ অব্যাহতভাবে কাজ করে যাচ্ছে। আশা করি, দ্রুততম সময়ের মধ্যে যানজট নিরসন করা সম্ভব হবে। সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান মনির জানান, যানজট নিরসনের হাইওয়ে পুলিশের পাশাপাশি সোনারগাঁও থানা পুলিশ কাজ করে যাচ্ছে।