শুক্রবার দুপুরে টঙ্গী পূর্ব থানার এস আই রাজিবের নেতৃত্বে একদল পুলিশ টঙ্গীর রেলওয়ে স্টেশন এলাকার লন্ডন প্যালেস হোটেলে অভিযান চালিয়ে তিন খদ্দেরসহ ৭ যৌনকর্মীকে গ্রেফতার করেছে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে হোটেলের ১০/১৫ জন খদ্দের ও যৌনকর্মী দ্বিতীয় তলার জানালা দিয়ে লাফিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে হোটেল মালিক ফারুকের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। জানা যায়, টঙ্গীর আবাসিক হোটেল মালিকরা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের নির্দেশ অমান্য করে হোটেলগুলোতে দেদারসে চালিয়ে যাচ্ছে অসামাজিক কার্যকলাপ। স্থানীয় পুলিশ বার বার অভিযান চালিয়েও নিয়ন্ত্রণ করতে পারছে না তাদের এই অবৈধ ব্যবসা।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি মো. কামাল হোসেন জানান, হোটেলের অবৈধ ও অসামাজিক কার্যকলাপ বন্ধ না হওয়া পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হচ্ছে।
টঙ্গীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
টঙ্গীর দক্ষিণ আউচপাড়া মগদম মুন্সী রোড এলাকায় শুক্রবার দুপুরে পুকুরে গোসল করতে গিয়ে মামুন (৮) ও মারিয়া আক্তার টুনি (৭) নামে দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এলাকাবাসী জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে মামুন ও টুনি বাসার পাশে পুকুরে গোসল করতে যায়। সাঁতার না জানায় গোসল করতে নেমে তারা উভয়ে পুকুরের গভীর পানিতে তলিয়ে যায়। পরে এলাকাবাসী খবর পেয়ে পুকুর থেকে মামুন ও টুনিকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাদের মৃত ঘোষণা করেন।
নিহত মামুন ময়মনসিংহের ত্রিশাল থানার রঘুনাথপুর গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে এবং টঙ্গী বাইতুন নূর মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্র। নিহত টুনি নেত্রকোনার আটপাড়া থানার মল্লিকপুর গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে এবং দেওড়া ব্র্র্যাক স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী। তারা দক্ষিণ আউচপাড়া এলাকায় বাবা-মার সঙ্গে ভাড়া বাসায় থেকে লেখাপড়া করতো।
