রানা প্লাজার ভবন ধসের ৬ বছর পূর্তিকে সামনে রেখে মানববন্ধন ও সমাবেশ করেছে গর্মেন্টস শ্রমিক ফ্রন্ট নামের একটি শ্রমিক সংগঠন। শুক্রবার সকালে সাভার বাজার বাসস্ট্যান্ডের পাশে ধসে পড়া রানা প্লাজার সামনে সংগঠনটির সাভার-আশুলিয়া-ধামরাই শিল্পাঞ্চল কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচি থেকে ২৪ এপ্রিলকে জাতীয় শ্রমিক শোক দিবস, রানা প্লাজা ধসের ঘটনায় দোষীদের দ্রুত শাস্তি নিশ্চিত, নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ এবং আহত ও পঙ্গু শ্রমিকদের পুর্নবাসনের দাবি জানানো হয়। মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট-শিল্পাঞ্চল কমিটির সভাপতি সৌমিত্র কুমার দাস।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের শিল্পাঞ্চল কমিটির সাধারণ সম্পাদক আহমেদ জীবন, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান, রানা প্লাজার আহত শ্রমিক মাসুমা আক্তার, সবুজ মিয়া প্রমুখ। বিভিন্ন সময়ে শ্রমিকনেতা ও শ্রমিকদের নামে দায়ের হওয়া মিথ্যা মামলা প্রত্যাহারেরও দাবি জানান তারা।
