বোনের স্বামীকে পরকীয়া থেকে ফেরাতে না পেরে প্রেমিকার চুল কর্তন

আপডেট : ২০ এপ্রিল ২০১৯, ০০:২৭

বোনের স্বামীকে দীর্ঘদিন ধরে চলা পরকীয়া সম্পর্ক থেকে ফেরাতে না পেরে তার প্রেমিকার মাথার চুল কেটে দিয়েছে ভাইয়েরা। এ ঘটনার ‘প্রতিশোধ’ নিতে ওই নারী বেলাব থানায় ও নরসিংদী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ‘ধর্ষণচেষ্টা’ ও শারীরিক নির্যাতনের অভিযোগ এনে ৫ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। আদালত আগামী ১ মাসের মধ্যে বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে।  উপজেলার নারায়ণপুর ইউনিয়নের জংগুয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

ওই নারীর দায়ের করা মামলায় বলা হয়, দীর্ঘদিন ধরে একই গ্রামের জাকির হোসেন তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। শনিবার রাতে জাকির তার ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করেন। ব্যর্থ হয়ে তাকে নিজের বাড়িতে ধরে নিয়ে শারীরিক নির্যাতন করে মাথার চুল কেটে দেন। মামলায় জাকির ছাড়াও সামসুজ্জামান, বাচ্চু মিয়া, শিল্পী বেগম ও রহিমা বেগম নামে আরো চারজনকে আসামি করা হয়েছে। 

তবে সাংবাদিকরা সরেজমিনে এলাকায় গেলে গ্রামবাসী ওই নারীকে ‘পরকীয়ায় আসক্ত’ উল্লেখ করে জানায়, অনৈতিক সম্পর্কে বাধা দেওয়ায় ‘প্রতিশোধ’ নিতে তিনি এ মিথ্যা মামলা করেছেন। মামলার আসামি সামসুজ্জামান বলেন, তার বোনের স্বামীর সঙ্গে দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক করে আসছিলেন ওই নারী। এ কারণে তাদের পরিবারে অশান্তির আগুন জ্বলছিল। তাদেরকে এই সম্পর্ক থেকে ফেরাতে বারবার পারিবারিকভাবে চেষ্টা করেও ফল মেলেনি। সম্প্রতি তার সঙ্গে বাকবিতণ্ডা হওয়ায় তিনি নিজের  মাথার চুল কেটে আমাদের ফাঁসাতে এই মামলা দায়ের করেছেন। এদিকে, ওই নারীর বাড়িতে গিয়ে তার ঘর তালাবদ্ধ থাকায় ও মোবাইল ফোন বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি।

জংগুয়া গ্রামের আওয়ামী লীগ নেতা রফিক মিয়াসহ একাধিক ব্যক্তি বলেন, অনৈতিক সম্পর্কের ঘটনায় এ মহিলার বিরুদ্ধে একাধিকবার গ্রাম্য সালিশ হয়েছে। অন্যদিকে, বেলাব থানার ওসি মোঃ ফকরুউদ্দীন ভূঁইয়া বলেন, এলাকাবাসী বলছে- ওই নারীর চারিত্রিক সমস্যা আছে। তবে তার দোষ থাকলেও, মাথার চুল কেটে দেওয়া ও নির্যাতন করা আইন বিরোধী। মামলার দুই আসামিকে আটক করা হয়েছে বলে তিনি জানান।