নেত্রকোনার মদনে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে দুইপক্ষের সংঘর্ষে উভয়পক্ষে অন্তত ৫ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার উপজেলার নায়েকপুর ইউনিয়নে সিংহের বাজারের সড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহত সাইদুর রহমান খান (৬৫), আতিব ( ৪০) ও শাহ আলমকে (৪৫) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে সিংহের বাজারে গোলাপ মিয়ার চায়ের দোকানে বিশ্বকাপ ফুটবল ব্রাজিল ও মেক্সিকো খেলা দেখার সময় রাত আনুমানিক ৯ টায় বৃষ্টিপাত শুরু হয়। এ সময় বাইরে থাকা দর্শক দোকানের ভেতর প্রবেশ করতে চায়। তখন রাজতলা গ্রামের সাইদুর রহমান খানের ছেলে ছোটনের পায়ে নোওয়াগাঁও গ্রামের ওয়াহাব ফকিরের ছেলে রাকিবের পা লেগে যায়। এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরই জের ধরে মঙ্গলবার সকালে এ সংর্ঘের ঘটনা ঘটে
সংঘর্ষের পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ওসি মোঃ শওকত আলী জানান, সংঘর্ষের খবর পেয়ে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে উভয় পক্ষই এখন পর্যন্ত কোন অভিযোগ দায়ের করেনি।
ইত্তেফাক/নূহু
