চন্দনাইশে পানির নীচে তলিয়ে গেছে ছৈয়দাবাদ-ধোপাছড়ি সড়ক

আপডেট : ০৩ জুলাই ২০১৮, ১৮:৩০
ভারী বর্ষণে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার অধিকাংশ এলাকার রাস্তা-ঘাট পানির নীচে তলিয়ে গেছে। অবিরাম বর্ষণে এবং পাহাড় থেকে আসা পানির ঢলে চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের ছৈয়দাবাদ- ধোপাছড়ি সড়কটি প্রায় দেড় ফুট পানির নীচে তলিয়ে গেছে। বর্তমানে সড়কটি দিয়ে মানুষকে চলাচল করতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। 
 
স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীরা জানান, একটি প্রভাবশালী মহল যত্রতত্র মাটি ভরাট করে দোকান–ঘর ও বসত ভিটা নির্মাণ করায় পানি নিষ্কাশনের সুষ্ঠু ব্যবস্থা নেই। তাই ছৈয়দাবাদ সড়কটি পানির নীচে তলিয়ে পড়েছে। 
 
এলাকাবাসী আরো অভিযোগ করে বলেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী ,ভাইস চেয়ারম্যান সোলাইমান ফারুকী এবং হাশিমপুর ইউপি চেয়ারম্যান আলমগীরুল ইসলামের বাড়ীতে যাওয়া সড়কটি হলেও কোন অদৃশ্য কারণে পানি নিষ্কাশনের বিষয় নিয়ে কারো কোন মাথা ব্যথা নেই।
 
উল্লেখ্য, যে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের কোল ঘেঁষে বয়ে যাওয়া ছড়া খালটি দীর্ঘ দুই বছর ধরে প্রভাবশালী মহল ভরাট করে দোকান নির্মাণ করে আসছে। গত বছরেও পানি নিষ্কাশনের অব্যবস্থাপনার কারণে হাশিমপুর এলাকায় বাড়ি-ঘরে ও দোকানপাঠে পানি ঢুকে প্রায় ২০লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।
 
ইত্তেফাক/রেজা