বগুড়ায় গোলাগুলিতে শহরের শীর্ষ সন্ত্রাসী স্বর্গ নিহত

আপডেট : ২০ এপ্রিল ২০১৯, ০০:৩১

বগুড়ায় দুই দল সন্ত্রাসীর মধ্যে গোলাগুলিতে শহরের শীর্ষ সন্ত্রাসী রাফিদ আনাম ওরফে স্বর্গ (২৬) নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে উপশহর এলাকায় সুবিল খালের ওপর নির্মিত সেতুর কাছে ওই গোলাগুলির ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি ও বার্মিজ চাকু উদ্ধার করেছে।

পুলিশ জানায়, নিহত স্বর্গ তাদের তালিকাভুক্ত সন্ত্রাসী ছিল। তার বিরুদ্ধে দুটি হত্যাসহ মোট ৮টি মামলা রয়েছে। সে শহরের খান্দার শহীদনগর এলাকার লিয়াকত আলীর ছেলে। তার বাবা লিয়াকত আলীও পেশাদার খুনি হিসেবে পরিচিত ছিল এবং ২০০৪ সালের ১০ অক্টোবর পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, একাধিক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে ২০১৬ সালে গ্রেফতার হয়ে কারাগারে আটক ছিল স্বর্গ। প্রায় এক মাস আগে সে জামিনে বের হয়ে আসে এবং আবারো সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়। শাজাহানপুরে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে গাছের সঙ্গে ঝুলিয়ে মারপিট করে সে।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে উপশহর এলাকায় সুবিল খালের ওপর নির্মিত সেতুর কাছে দুই দল সন্ত্রাসী গোলাগুলিতে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ সেখানে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এরপর পুিলশ সেখানে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে। পরে গুলিবিদ্ধ ওই ব্যক্তিকে শহরের শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।