মানিকগঞ্জে ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত

আপডেট : ০৩ জুলাই ২০১৮, ২০:৩২
মানিকগঞ্জ সদর উপজেলায় মানিকগঞ্জ-সিঙ্গাইর-হেমায়েতপুর সড়কে মঙ্গলবার দুপুরে ট্রাকচাপায় রাজীব হোসেন (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান এ খবর নিশ্চিত করেন।
 
নিহত রাজীব হোসেন সদর উপজেলার নবারণ উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল। সে সিঙ্গাইর উপজেলার বাইমাইল গ্রামের মৃত জয়নুদ্দিন মিয়ার ছেলে। সে একই উপজেলার নয়াবাড়ি এলাকায় নানাবাড়িতে থেকে লেখাপড়া করতো।
 
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, মঙ্গলবার নানাবাড়ি থেকে মামীকে নিয়ে মোটরসাইকেলে জেলা শহরে যাচ্ছিল রাজিব। পথে বেলা ১১টার দিকে সদর উপজেলার মানিকগঞ্জ-সিঙ্গাইর-হেমায়েতপুর সড়কের অরঙ্গবাদ এলাকায় পেছন থেকে একটি মাটিবাহী ট্রাক তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে রাজীবের মামী ছিটকে রাস্তার পাশে পড়ে যান। এরপর ট্রাকটি রাজীবকে চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। পরে স্থানীয়রা এগিয়ে এসে রাজীবের মামীকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।
 
ওসি রকিবুজ্জামান বলেন, রাজীবের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাক জব্দ করা হয়েছে। তবে এর চালক ও সহকারী পালিয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।
 
ইত্তেফাক/নূহু