চাঁদপুরে জেলেদের হামলায় দুই কর্মকর্তা আহত ৭ রাউন্ড গুলি নিক্ষেপ

আপডেট : ২০ এপ্রিল ২০১৯, ০০:৩২

চাঁদপুরের রাজরাজেশ্বর চর এলাকার পদ্মা-মেঘনা নদীতে জাটকা রক্ষা অভিযানে জেলেদের হামলায় দুই প্রশাসনের কর্মকর্তা আহত হয়েছেন। এসময় আত্মরক্ষার্থে পুলিশ ও কোস্টগার্ড ৭ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার রাতে মেঘনা নদীর কাটাখালী চর এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ জামান ও ফরিদগঞ্জ উপজেলা মত্স্য কর্মকর্তা মিজানুর রহমান আহত হন। জেলেদের নিক্ষেপ করা ইটের আঘাতে শরীর ও মাথায় আঘাত পান তারা। আহত দুই কর্মকর্তাকে প্রাথমিকভাবে চিকিত্সা দেওয়া হয়েছে।

অভিযানে ৩ লাখ ৭৫ হাজার মিটার কারেন্ট জাল, এক মণ জাটকা ইলিশসহ ১৭ জন জেলেকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতে আটককৃত জেলেদের মধ্যে ১৩ জনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৪ জেলেকে অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোরশেদুল ইসলাম। এসময় ৬৩টি মাছ ধরা নৌকা জব্দ করে ব্যবহার অনুপযোগী করা হয় এবং ৫টি জাটকা বিক্রির আড়ত্ আগুনে পুড়িয়ে দেওয়া হয়।