খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিক্ষোভ

আপডেট : ২০ এপ্রিল ২০১৯, ০০:৩৩

কারাবন্দি ও অসুস্থ দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিত্সার দাবিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। শুক্রবার দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপি কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে আবারও কার্যালয়ের নিকট এসে শেষ হয়। মিছিলে স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগরের শতাধিক নেতাকর্মী অংশ নেন। এ সময় নেতাকর্মীরা কারাবন্দি বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে বিভিন্ন স্লোগান দেন। মিছিলে স্বেচ্ছাসেবক দল সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুঁইয়া জুয়েল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ প্রমুখ অংশগ্রহণ করেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে রুহুল কবির রিজভী বলেন, ‘বেগম খালেদা জিয়ার অসুস্থতার মাত্রাকে তীব্রতর করে জীবন বিপন্ন করার মাধ্যমে রাজনীতি থেকে দূরে সরিয়ে দিতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’