এতিম শিশুদের নিয়ে সাজানো অনুষ্ঠানে স্নিগ্ধতা ছড়ালেন সাবিনা ইয়াসমিন। শিশু অধিকার রক্ষায় আয়োজনটি ছিল নিবেদিত। শিশুদের নৃত্যগীতের পরিবেশনার সঙ্গে আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল সাবিনা ইয়াসমিনের সংগীত পরিবেশনা। কণ্ঠের মাধুর্যে মিলনায়তন ভরা শ্রোতার হূদয় রাঙালেন প্রখ্যাত এই গায়িকা। ছোটদের সঙ্গে সমান্তরালে রেখেছেন বড়দের অনুরোধও। গেয়েছেন তার জনপ্রিয় একগুচ্ছ গান।
শিশুদের সুরক্ষা ও অধিকার আদায়ের লক্ষ্যে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেবিআই) মিলনায়তনে অনুষ্ঠিত ‘কনসার্ট ফর চিলড্রেন’ শীর্ষক এ সংগীতায়োজনে সংগীত পরিবেশন করেন শিল্পী সাবিনা ইয়াসমিন ও হাসান আবিদুর রেজা জুয়েল। ডিস্ট্রেসড চিলড্রেন অ্যান্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল (ডিসিআই) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। ভিডিও বার্তায় সবাইকে শুভেচ্ছা জানান ডিসিআইয়ের শুভেচ্ছা দূত বাংলা চলচ্চিত্রের সোনালি সময়ের চিত্রনায়িকা ববিতা।
জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। এরপর ‘জলে গিয়েছিলাম সই’ গানের সুরে পরিবেশিত হয় সমবেত নৃত্য। সুমাইয়া আক্তার একক কণ্ঠে গেয়ে শোনান ‘এই সুন্দর সোনালি সন্ধ্যায়’। এরপর পরিবেশিত হয় নাচ। সঙ্গে ছিল ‘ধান ভানেরে ঢেকিত’ গানের সুর। ‘ঘাটে লাগাইয়া ডিঙ্গা পান খাইয়া যাও’ গানের সুরে পরিবেশিত হয় আরেকটি সমবেত নাচ। এছাড়া শিশুশিল্পীরা গেয়েছে ‘রেল লাইনের ওই বস্তিতে’ ও ‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে’ শিরোনামের দুটি গান।
