এবার ট্রাম্পের নামের মাদক পাওয়া যাচ্ছে যুক্তরাষ্ট্রে

আপডেট : ০৪ জুলাই ২০১৮, ১৬:৫১
যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের পুলিশকর্মীরা সম্প্রতি কমলা রঙের কতগুলো নিষিদ্ধ উত্তেজক বড়ি উদ্ধার করেছে। বড়িগুলোর একপাশ দেখতে অবিকল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখের মতো। আর অন্যপাশে লেখা ‘গ্রেট এগেইন’। খবর দ্য গার্ডিয়ানের।
 
খবরে বলা হয়, ইন্ডিয়ান পুলিশের এক মাদক বিরোধী অভিযানে এই বড়িগুলো উদ্ধার করা হয়। অভিযানে ১২৯ জনকে গ্রেফতার করা হয়েছে।  তারা বড়িগুলোর ছবি প্রকাশ করেছে। দ্য গার্ডিয়ান এগুলোকে ‘ট্রাম্প পিল’ হিসেবে বর্ণনা করেছে।
 
প্রায় একইরকম দেখতে একধরণের নিষিদ্ধ বড়ি গত বছর জার্মানিতে পাওয়া গেছিল। তবে যুক্তরাষ্ট্রে এধরণের মাদকের সন্ধান এই প্রথম প্রকাশ পেল। এগুলোর উৎপাদনস্থল কোথায় সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। 
 
উত্তেজক বড়ি বিক্রির ক্ষেত্রে বাজারজাতকরণের জন্য বিভিন্ন ব্র্যান্ড ও অনুষ্ঠানের ব্যবহার খুব বিরল নয়। ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বৈঠকের প্রাক্কালে লন্ডনে ‘ওবে’ব্র্যান্ডের লোগো ও কিম জং উনের মুখ সম্বলিত নিষিদ্ধ বড়ি পাওয়া গেছিল। 
 
ইত্তেফাক/ জেআর