মার্কিন রাষ্ট্রদূত মিলারের চট্টগ্রাম সফর

আপডেট : ২০ এপ্রিল ২০১৯, ০০:৩৫

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলার গত চারদিনব্যাপী চট্টগ্রাম সফর করেন। দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ এবং যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে ক্রমবর্ধমান সামরিক সহযোগিতা এগিয়ে নেওয়া এবং দু’দেশের জনগণের মধ্যকার সম্পর্ক জোরদার করা ছিল তার এ সফরের উদ্দেশ্য। চট্টগ্রামে রাষ্ট্রদূত যুক্তরাষ্ট্রের বেসরকারি জ্বালানি কোম্পানি ‘এক্সিলারেট’ পরিদর্শন করেন। বঙ্গোপসাগরে নির্মিত ‘এক্সিলারেট’ এরফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) চট্টগ্রামের ৬০ লাখ অধিবাসী ও এর সমগ্র শিল্প এলাকার জন্য বিদ্যুত্ উত্পাদন করতে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করছে। রাষ্ট্রদূত স্থানীয় শিল্প সম্পর্কে আরো জানতে ব্যবসায়ী নেতাদের সঙ্গে সাক্ষাত্ করেন।

তিনি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাত্ করেন এবং দেশের ৯০ শতাংশের বেশি বাণিজ্য পরিচালিত হওয়া বন্দরটির সেবাসমূহ ঘুরে দেখেন। তারা বন্দরের উন্নয়ন ও অন্যান্য নির্মাণ কাজে যুক্তরাষ্ট্রের বেসরকারি বিনিয়োগকারীদের সম্ভাব্য গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা করেন। রাষ্ট্রদূত একটি জাহাজ ভাঙা ইয়ার্ড ও একটি স্টিল রি-রোলিং মিলও পরিদর্শন করেন। তিনি শ্রমিক অধিকার এবং শ্রমিক ও পরিবেশের সুরক্ষাদান ও শিশু শ্রমের অবসান ঘটানোর জন্য ব্যবসায়ী নেতাদের প্রতি আহ্বান জানান।

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ স্পেশাল ওয়ারফেয়ার ড্রাইভিং অ্যান্ড স্যালভেজ (এসডব্লিউএডিএস) মহড়ার সমাপনী অনুষ্ঠানে রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান সামরিক সম্পর্কের সমর্থনে বক্তব্য দেন। রাষ্ট্রদূত ২০০৫ সালে জাতিসংঘের শান্তি রক্ষা অপারেশনে নিহত সীম্যান মোহাম্মদ নুরুল ইসলামের সমাধিতে পুস্পস্তবক অর্পণ এবং একটি গাছের চারা রোপণ করে শ্রদ্ধা জানান। রাষ্ট্রদূত চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) স্থাপিত ‘আমেরিকান কর্নার’ পরিদর্শন করেন।  তিনি বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে অটিজম নিয়ে সচেতনতা বিষয়ক একটি অনুষ্ঠানে অংশ নেন। তিনি চট্টগ্রাম ওয়ার সেমেটারিও পরিদর্শন করেন। গত ১৬ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত রাষ্ট্রদূত চট্টগ্রাম সফর করেন। —প্রেস বিজ্ঞপ্তি