জাপানের নতুন সম্রাটের প্রথম বিদেশি অতিথি হবেন ট্রাম্প

আপডেট : ২০ এপ্রিল ২০১৯, ০০:৪০

জাপানে নতুন সম্রাট এখনো সিংহাসনে বসেননি। কিন্তু তার সঙ্গে কোন বিদেশি অতিথি প্রথম সাক্ষাত্ করবেন তা নির্ধারিত হয়ে গেছে। ৮৫ বছর বয়সী বর্তমান সম্রাট আকিহিতো ৩০ এপ্রিল বিদায় নিচ্ছেন। তার স্থলাভিষিক্ত হচ্ছেন তার ছেলে যুবরাজ নরিহিতো (৫৯)। গতকাল জাপানের পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, আগামী মে মাসে জাপান সফর করবেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ওই সফরে তারা নতুন সম্রাটের সঙ্গে সাক্ষাত্ করবেন। এটাই হবে কোনো বিদেশি অতিথির সম্রাটের সঙ্গে প্রথম সাক্ষাত্। সাক্ষাতের বিস্তারিত কিছু জানায়নি পররাষ্ট্রমন্ত্রণালয়। -সিএনএন