রোহিঙ্গা সংকটের শুরু থেকেই বাংলাদেশের সংবাদমাধ্যম দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। তবে এ ক্ষেত্রে আরও দায়িত্বশীল হতে হবে। একইসঙ্গে নারী ও শিশু এবং তাদের শিক্ষার বিষয়ে আরও ভূমিকা পালন করতে হবে। বুধবার রোহিঙ্গা সংকটে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক এক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
রাজধানীর ডেইলি স্টার ভবনে নিউজ প্রেজেন্টেশন একাডেমি ‘লক্ষ্য’ আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুইডেনের রাষ্ট্রদূত শারলোটা স্লাইটার। তিনি বলেন, বাংলাদেশের মানুষই রোহিঙ্গা সংকটে প্রথম সাড়াদানকারী। তাদের আশ্রয় দিয়ে মানবিক ভূমিকা পালন করেছে এবং এটি সারা বিশ্বে সমাদৃত হয়েছে। এদেশের স্থানীয় এবং জাতীয় পর্যায়ের সংবাদকর্মীদের ভূমিকার কারণেই বাকী বিশ্বের মনোযোগ আকৃষ্ট হয়েছে। আর আমরা রাজনৈতিকভাবে বিষয়টির সমাধানের লক্ষ্যে সব আন্তর্জাতিক ফোরামে বিষয়টি তুলে ধরেছি এবং বাংলাদেশকে সহায়তা করছি।
নরওয়ের রাষ্ট্রদূত সিডসেল ব্লেকেন বলেন, রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক সাড়া যথেষ্ট নয়। রোহিঙ্গা সমস্যা এ অঞ্চলকে মাদক ও মানব পাচারের মতো সমস্যার ঝুঁকিতে ফেলেছে এবং অপরাধীরা এই সুযোগ নিচ্ছে। এখানকার স্থানীয় এবং আন্তর্জাতিক সংবাদকর্মীদের এই সংকট সমাধানে আরও সোচ্চার হতে হবে।IMG0
সম্পাদকীয় মতামত পর্বে দৈনিক ইত্তেফাকের কূটনৈতিক সম্পাদক মাঈনুল আলম, চ্যানেল টুয়েন্টি ফোরের হেড অব নিউজ রাহুল রাহা বক্তব্য রাখেন। আরও অংশগ্রহণ করেন, সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবীর, ইউএনএইচসিআর এর প্রটেকশন অফিসার ভিনসেন্ট গুলে, সংস্থাটির মুখপাত্র জোসেফ সুর্য ত্রিপুরা, অধ্যাপক ড. আবুল মনসুর আহমদ, কানাডিয়ান হাইকমিশনের প্রতিনিধি সৈয়দ শাহনেওয়াজ মহসীন, সাংবাদিক মাকসুদ উন-নবী, জাকিয়া আহমেদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে রোহিঙ্গাদের ওপর নির্মিত চলচ্চিত্র পরিচালক রোমান রবিনের ‘এ কোয়ার্টার মাইল’ চলচ্চিত্রের অংশ বিশেষ প্রদর্শিত হয়। সাংবাদিক মোরশেদ হাসিব হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ‘লক্ষ্য’র প্রধান নির্বাহী রাইসুল চৌধুরী।
ইত্তেফাক/এমআই
