ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন, বালাকোটে ভারতের বিমান হামলায় পাকিস্তানের কোনো সৈন্য কিংবা নাগরিক মারা যায়নি। বৃহস্পতিবার আহমেদাবাদে বিজেপির নারী কর্মীদের এক সম্মেলন এই কথা বলেন সুষমা স্বরাজ। যদিও ভারত এর আগে দাবি করেছিল, হামলায় সৈন্যসহ কয়েকশ’ জঙ্গি নিহত হয়েছে। খবর এনডিটিভি’র
সুষমা স্বরাজ বলেন, গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় জঙ্গি হামলার পর নিজেদের নিরাপত্তা নিরঙ্কুশ করতেই ২৬ ফেব্রুয়ারি বিমান বাহিনী পাকিস্তানের বালাকোটে হামলা চালায়। হামলার পর আমরা আন্তর্জাতিক সমপ্রদায়কে বলেছিলাম যে আমরা কেবল নিজেদের রক্ষার খাতিরেই হামলা চালিয়েছি। আমরাও এটাও বলেছি যে সশস্ত্র বাহিনীকে নির্দেশনা দেয়া হয়েছিল যাতে হামলায় পাকিস্তানি কোনো সেনা বা নাগরিক হতাহত না হয়। সুষমা বলেন, আমাদের সেনাবাহিনী নির্দেশনা অনুযায়ী কাজ করেছিল। এজন্য পাকিস্তানি কোনো সেনা কিংবা নাগরিক হতাহত হয়নি। এর ফলে আন্তর্জাতিক সমপ্রদায় আমাদের হামলাকে সমর্থন করেছিল। প্রধানমন্ত্রী মোদির প্রশংসা করে পররাষ্ট্রমন্ত্রী সুষমা বলেন, ভারতকে ওআইসি আমন্ত্রণ জানানোয় প্রশ্ন তুলেছিল পাকিস্তান। কিন্তু স্বাগতিক দেশ সেই প্রশ্নকে পাত্তা দেয়নি। তিনি ২০০৮ সালে মুম্বাই হামলার পর কংগ্রেস নেতৃত্বাধীন সরকারের কোনো পদক্ষেপ না নেয়ার সমালোচনা করেন। বালাকোটে হামলার পরই ভারতীয় মিডিয়া জানিয়েছিল, হামলায় পাকিস্তানি সৈন্যসহ তিন শতাধিক জঙ্গি নিহত হয়েছে। এরপর বিজেপির সভাপতি অমিত শাহ থেকে শুরু করে অনেক নেতাই দেড়শ’ থেকে আড়াইশ’ নিহত হওয়ার দাবি করে। যদিও পাকিস্তান দাবি করেছিল, হামলায় কেউ মারা যায়নি।
