ব্রাজিলের বিপক্ষে খেলার আগে যে কোনো দলের খেলোয়াড়দেরই ঘুম নষ্ট হয়ে যাওয়ার কথা। কিন্তু বেলজিয়ামের অভিজ্ঞ খেলোয়াড় ভিনসেন্ট কোম্পানি বলছেন, তারা ব্রাজিলের কথা ভেবে ভেবে নিজেদের ঘুম নষ্ট করছেন না।
বেলজিয়ামের সোনালী প্রজন্মের জন্য এটা একটা বিশাল সুযোগ বিশ্বকাপ জয়ের। তবে তাদের সামনে কঠিন অনেকগুলো পরীক্ষা। তার প্রথমটিই আজ রাতে ব্রাজিলের বিপক্ষে। ব্রাজিলের প্রতি শ্রদ্ধার কোনো অভাব নেই কোম্পানির। কিন্তু এই দলটির বিপক্ষে হেরে যাওয়ার আগেই হারতে রাজি নন তিনি, ‘ব্যক্তিগত নৈপুণ্যসম্পন্ন খেলোয়াড়ের দিক থেকে এই বিশ্বকাপে ব্রাজিল সবচেয়ে শক্তিশালী দল। এটা একটা প্রশংসার যোগ্য, কিন্তু এটা তাদের বিপক্ষে আমাদের জয়ের সুযোগের ওপর প্রভাব ফেলবে না। আমরা ব্রাজিলের কাছে এরই মধ্যে হেরে গেছি-এই ভাবনা নিয়ে আমাদের কেউ ঘুমাবে না। তাদের রক্ষণ জমাট, রক্ষণের দ্বৈরথে তারা সবগুলোতে জিতে। আক্রমণভাগেও ওয়ান অন ওয়ান পরিস্থিতিতে তারা ভিত হয় না। যে কোনো পরিস্থিতিতে খেলার একটা চাবিকাঠি তাদের সবসময় থাকে।’
কোম্পানি মনে করেন, ব্রাজিলের বিপক্ষে তাদের সাফল্যের মূল ব্যাপার হয়ে উঠতে পারে একটা দল হয়ে উঠে খেলা, ‘আমরা ভয়ডরহীনভাবে লড়ব। কিন্তু যদি আমরা ব্যক্তিগত নৈপুণ্যনির্ভর ম্যাচ করে ফেলি তাহলে আমরা হারব। যদি এটা ব্যক্তিগত নৈপুণ্য নির্ভরতার ম্যাচ হয়ে যায়, তাহলে আমাদের কোনো সুযোগ নেই। কিন্তু যদি আমরা একটা দল হয়ে পরস্পরের জন্য লড়াই করি, তাহলে আমরা জিততে পারব এবং এটাই আমার কাছে আসল।’
রাশিয়া বিশ্বকাপে এ পর্যন্ত সর্বোচ্চ ১২টি গোল করা দল বেলজিয়াম। কোম্পানিও জানালেন তারা উন্নতির ধারাবাহিকতার মধ্যে আছেন, ‘আমরা একটা আকর্ষণীয় ফুটবল কৌশলে খেলছি। আমরা অনেক গোল করেছি এবং আমাদের ভালো দিকটা দেখিয়েছি। আমরা ধারাবাহিকভাবে উন্নতি করছি। ব্রাজিলের বিপক্ষে আমাদের শুধু আরেক ধাপ উঁচুতে পারফরম্যান্স করতে হবে। অন্তত আমি আশা করি, আমরা সেটা করতে পারি।’
ইত্তেফাক/এএম
