পদত্যাগ করলেন শ্রীলংকার একমাত্র নারী মন্ত্রী

আপডেট : ০৬ জুলাই ২০১৮, ১০:৪৭
পদত্যাগ করেছেন শ্রীলংকার একমাত্র নারী মন্ত্রী বিজেয়াকলা মহেশওয়ারান। তামিল জঙ্গি সংগঠন ‘দ্য লিবারেশন টাইগারস অফ তামিল ইলাম’(এলটিটিই) নিয়ে তিনি পার্লামেন্টে  সম্প্রতি এক ভাষণ দেন। তার ওই ভাষণে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। পাশাপাশি সিনহলা-সংখ্যাগরিষ্ঠ দক্ষিণাঞ্চলে ব্যাপক সমালোচিত হয়। এমতাবস্থায় শিশু বিষয়ক স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান তিনি। খবর দ্য হিন্দুর।
 
খবরে বলা হয়, মহেশওয়ারান, ইউনাইটেড ন্যাশনাল পার্টির(ইউএনপি) আইনপ্রণেতা। সম্প্রতি উত্তরাঞ্চলীয় শহর জাফনায় এক সরকারি বৈঠকে বক্তব্য রাখেন তিনি। তিনি বলেন, একমাত্র এলটিটিই’র পুনরুত্থানই পারে তামিল-সংখ্যাগরিষ্ঠ উত্তরাঞ্চলকে অপরাধমুক্ত করে তুলতে। 
 
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, অঞ্চলটিতে অপরাধের সংখ্যা ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পেতে থাকা ও সম্প্রতি জাফনায় এক ছয় বছর বয়সী মেয়ের হত্যাকাণ্ডের প্রেক্ষিতে এমন মন্তব্য করেন মহেশওয়ারান। 
 
মহেশওয়ারান দাবি করেন, তার মন্তব্য ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। কিন্তু তার দলের সহকর্মীরা তাৎক্ষনিকভাবে তার পদত্যাগ দাবি করেন। প্রধানমন্ত্রী ও ইউএনপি নেতা রানিল উইকরেমেসিংগিকে তার মন্তব্যের বিষয়ে তদন্ত চালু করার আহবান জানানো হয়। 
 
তবে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, উত্তরাঞ্চলের মুখ্যমন্ত্রী সি.ভি. উইগনেসওইয়ারান অবশ্য মহেশওয়ারানের পক্ষে কথা বলেছেন। তিনি বলেন, মহেশওয়ারান উত্তরাঞ্চলে বৃদ্ধি পেতে থাকা অনিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছিলেন।
 
মহেশওয়ারান এর আগে শিশু বিষয়ক স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করতেন তার স্বামী, ইউএনপি’র পার্লামেন্ট সদস্য ও  সাবেক মন্ত্রী টি. মহেশওয়ারান। তাকে ২০০৮ সালে রাজধানী কলম্বোতে হত্যা করা হয়।
 
ইত্তেফাক/ জেআর