আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ খালি মাঠে গোল দেবে না বলে জানিয়েছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপি। তিনি বলেন, আমরা খালি মাঠে গোল দিতে চাই না। খেলার নিয়ম, আইন-কানুন মেনেই খেলায় অংশ নেব।
দীপু মনি বিএনপির প্রতি ইঙ্গিত করে বলেন, রাজনীতির নামে অপরাজনীতি, মানুষ হত্যা, ষড়যন্ত্র, জ্বালাও-পোড়াও, নাশকতা, দেশ ধ্বংস করা এগুলো দিয়ে আর যাই হোক, মানুষের কল্যাণ হয় না। রাজনীতি করতে চাইলে মানুষের কল্যাণে আসুন। নিয়ম মেনে ফাইনাল খেলতে মাঠে নামুন।
দীপু মনি আজ শুক্রবার দুপুরে চাঁদপুর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
এর আগে তিনি চাঁদপুর শহরের পালবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ এবং বাংলাদেশ হরিজন হেলা সমাজকল্যাণ সংগঠনের নবনির্বাচিত পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিতির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, সভাপতিত্ব করেন কেন্দ্রীয় নির্বাচিত সভাপতি প্রদীপ দাস।
ইত্তেফাক/নূহু
