পাবনায় বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন এক গৃহবধূ। নিহত গৃহবধূ হলেন কাঠালবাড়িয়া গ্রামের আক্কাস আলীর স্ত্রী অজুফা বেগম (৩৫)। চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের কাঠালবাড়িয়া গ্রামের পাশের বিলে বিদ্যুৎ লাইনের ছেঁড়া তারে জড়িয়ে এ দুর্ঘটনা ঘটে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায়।
জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মাঠে ছাগল আনতে যান অজুফা বেগম। এ সময় বিলের মধ্যে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বিদ্যুতের মেইন লাইনের একটি তার ছিঁড়ে পড়ে ছিল। তিনি ঐ তার দেখতে না পেয়ে এগিয়ে গেলে তারে জড়িয়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যৃ হয়। পরে তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হয়।
ঘটনার বিষয়ে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. মাশরিকুল হাসান বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ঐ এলাকায় বিদ্যুতের খুঁটির ক্রোসাম ভেঙে তার মাটিতে ঝুলছিল। বিষয়টি আমাদের অনিচ্ছাকৃত। আমরা অবগত ছিলাম না। তবে এমন মর্মান্তিক ঘটনায় বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. শরিফুল ইসলাম বলেন, বিষয়টি জানার পর সেখানে পুলিশ পাঠানো হয়। এ বিষয়ে থানায় একটি জিডি রেকর্ড হয়েছে।
ইত্তেফাক/নূহু
