গোদাগাড়ীতে বাস উল্টে আহত ৫০

আপডেট : ০৬ জুলাই ২০১৮, ২০:২৪
রাজশাহীর গোদাগাড়ীতে বরযাত্রী বোঝাই একটি বাস উল্টে ৫০ জন আহত হয়েছে। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছে বর-কনে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টায় দিকে নাচোল থেকে সিরাজগঞ্জগামী যাত্রীবাহী বাসটি উপজেলার দিগরাম ঘুন্টি এলাকায় ব্রিজের কাছে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, নাচোলে বিয়ের অনুষ্ঠান শেষে বরযাত্রী নিয়ে বাসটি সিরাজগঞ্জ যাচ্ছিল।
 
দুর্ঘটনা কবলিত বাসটি অভি এন্টারপ্রাইজের (ঢাকা মেট্রো- ব ১৪৮৮৭১)। বাসটির একদিক দুমড়ে মুচড়ে গেছে। এ দুর্ঘটনায় আহতদের ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে গোদাগাড়ী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করে।
 
আহতরা হলো সিরাজগঞ্জ সদরের ফটিকের ছেলে মিরাজ, চানের ছেলে ফারাজিল,সামাদের ছেলে বুলবুলি,আবু সাইদের ছেলে সুমন,নজরুলের ছেলে জাহিদুল,জাহিদুলের মেয়ে সুমনাসহ ৫০ জন। বাকি কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে।
 
গোদাগাড়ী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাসটি ঘটনাস্থল থেকে উদ্ধারের চেষ্টা চলছে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে ।
 
ইত্তেফাক/নূহু