চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের সকালে গতকাল মিরপুর স্টেডিয়ামে গাড়ি হাঁকিয়ে ঢুকলেন মুস্তাফিজুর রহমান। সাগরিকায় বাঁহাতি এই পেসার বোলিং করেছেন মাত্র চার ওভার। স্পিন যুদ্ধে ওয়েস্ট ইন্ডিজকে তিন দিনেই হারিয়ে দিয়েছিল বাংলাদেশ। ৬৪ রানের জয় নিশ্চিত হওয়ার পর শনিবার রাতের ফ্লাইটেই নয় ক্রিকেটার চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরেছেন। গতকাল সকালে ঢাকায় এসেছেন আরও চার ক্রিকেটার। তবে সফরকারী উইন্ডিজদের সঙ্গে বাংলাদেশের কোচিং স্টাফের সদস্যরা এবং একজন খেলোয়াড় ঢাকায় ফিরবেন ২৭ নভেম্বর।
পরদিন থেকেই মিরপুরে অনুশীলন করবে বাংলাদেশ দল। দ্বিতীয় টেস্ট মিরপুরে শুরু হবে আগামী ৩০ নভেম্বর। গতকালই বিসিবিতে এসেছিলেন জাতীয় দলের দুই নির্বাচক। ইমার্জিং কাপের দল গঠনের মিটিং শেষে বের হওয়ার সময় প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, মিরপুর টেস্টে তামিম ইকবালের ফেরার সম্ভাবনা নেই। দলে পরিবর্তন আসবে একটি। বাদ পড়ছেন ওপেনার ইমরুল কায়েস। চট্টগ্রামে জয়ের পর এখন সিরিজ জয়ে অনেক আশাবাদী প্রধান নির্বাচক। তবে প্রতিপক্ষকে কোনো ভাবেই হালকা দেখছেন না তিনি।
এশিয়া কাপে পাওয়া আঙুলের চোট কাটিয়ে তামিমের ফেরার কথা ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে। সেই লক্ষ্যেই সবকিছু চলছিল। কিন্তু প্রথম টেস্টের আগে অনুশীলনে সাইড স্ট্রেইনের চোটে পড়েন বাঁহাতি এই ওপেনার। সেই চোটে দ্বিতীয় টেস্টেও খেলা হচ্ছে না তামিমের। ধীরে ধীরে ব্যাটিং শুরু করলেও টেস্টের আগে ম্যাচ খেলার মতো ফিট হওয়া কঠিন হবে তার জন্য। তাই মিরপুর টেস্টে তামিমকে পাওয়ার আশা করছেন না নির্বাচকরা। ওয়ানডে সিরিজ থেকে অভিজ্ঞ এই ওপেনারকে পাবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচক।
তামিমের সর্বশেষ অবস্থা জানতে চাইলে গতকাল মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘এখনো ফিজিও থেকে আমরা পুরোপুরি আপডেট পাইনি। তো যতটুকু জেনেছি ওর রিকভারি তাড়াতাড়ি হচ্ছে। আশা করছি যে যদি দ্বিতীয় টেস্ট খেলতে না পারে তাহলে ওয়ানডেতে প্রথম ম্যাচ থেকেই পাবো।’
তামিম না ফিরলেও বাংলাদেশের টেস্ট দলে একটি পরিবর্তন আসছে। ইমরুল কায়েস বাদ পড়ছেন দল থেকে। জিম্বাবুয়ের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফর্ম করা এই ওপেনার টেস্টে সুবিধা করতে পারছেন না। জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টে ৫১, সর্বশেষ চট্টগ্রাম টেস্টে দুই ইনিংসে ৪৬ রান করেছেন। রান খরার সঙ্গে ছোটখাট চোটও রয়েছে ইমরুলের। জানা গেছে, কাঁধে পেয়েছেন তিনি। তবে চোটের চেয়ে ব্যাটিংয়ে বাজে ফর্মের কারণেই ছিটকে পড়ছেন ইমরুল।
চট্টগ্রামের পারফরম্যান্সের ধারাবাহিকতা ঢাকায়ও আশা করছেন প্রধান নির্বাচক। ধারাবাহিকতা থাকলে মিরপুরে সিরিজ জিতবে বাংলাদেশ। গতকাল মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘ঢাকার উইকেট কিন্তু ডিফরেন্ট আছে। ঢাকার উইকেট বোঝা মুশকিল আছে। তো সেই হিসেবে ওয়েস্ট ইন্ডিজ যেহেতু আমাদের চাইতে অনেক অনেক বেশি অভিজ্ঞ এবং ওদের সামর্থ্য আছে যে কোন জায়গায় জেতার। যেহেতু আমরা প্রথম ম্যাচটা জিতে গিয়েছি, তারপরও হালকা করে চিন্তা করার সুযোগ নেই। তো সেই হিসেবে মনে করি আমরা যদি পরের ম্যাচে সেরা ক্রিকেটটা খেলতে পারি। ইনশাল্লাহ সিরিজ জয়ে আমি পুরোপুরি আশাবাদী।’
