আলমডাঙ্গায় 'মাদক নিয়ন্ত্রণে ওষুধ ব্যবসায়ীদের ভূমিকা' শীর্ষক আলোচনাসভা

আপডেট : ০৯ জুলাই ২০১৮, ২২:০৮
আলমডাঙ্গায় মাদকদ্রব্যের সংকট দেখা দিয়েছে। এজন মাদকসেবীরা কাশির সিরাপের সঙ্গে ঘুমের ট্যাবলেট মিশিয়ে নেশা করা শুরু করেছে। এ প্রবণতা ঠেকাতে পুলিশ তৎপর হয়েছে। 
 
কাশির সিরাপের সঙ্গে ট্যাবলেট মেশানো নেশা উদ্দীপক বোতলকে মাদকসেবীরা 'ঝাঁকি' নাম দিয়ে তা সেবন করছে। মাদকসেবীদের এই চরম প্রবণতা ঠেকাতে আলমডাঙ্গা থানা পুলিশ শহরের ঔষধ ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করেছেন। সোমবার বণিক সমিতির কার্যালয়ে উপজেলা ড্রাগ এ্যাসোসিয়েশন 'মাদক নিয়ন্ত্রনে ওষুধ ব্যবসায়ীদের ভুমিকা' শীর্ষক আলোচনাসভার আয়োজন করে। 
 
উপজেলা ড্রাগ এ্যাসোসিয়েশনের সভাপতি আকুর সভাপতিত্বে আলোচনাসভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্বা হেলাল উদ্দিন, পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির গনু, উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান, থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ খান ও ড্রাগ সুপারসহ ঔষধ ব্যবসায়ীরা।
 
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ খান বলেন, মাদকসেবীরা ওষুধের দোকান থেকে কাশির সিরাপ ও ঘুমের ট্যাবলেট কিনে তা মিশিয়ে সেবন করছে। এতে পুলিশের মাদক বিরোধী কার্যক্রমের সফলতা ব্যহত হচ্ছে। তিনি ওষুধ ব্যবসায়ীগণকে রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া ওষুধ বিক্রি না করতে অনুরোধ করেন।
 
আলোচনাসভায় ঔষধ ব্যবসায়ীরা চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া কারো কাছে নেশার উপক্রম হয় এমন ওষুধ বিক্রি করবেন না বলে প্রতিশ্রুতি দেন।
 
ইত্তেফাক/নূহু