বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামে সকল মামলা প্রত্যাহারসহ মুক্তির দাবিতে নিউইয়র্কে সমাবেশ করেছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) যুক্তরাষ্ট্র শাখা। স্থানীয় সময় সোমবার বিকালে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় অনুষ্ঠিত সমাবেশে জাসাস নেতৃবৃন্দ ছাড়াও যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও জাসাস কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হেলাল খান। যুক্তরাষ্ট্র জাসাসের সভাপতি আলহাজ আবু তাহেরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাউসার আহমেদের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গিয়াস আহমেদ, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা, মহিলা সম্পাদক সৈয়দা মাহমুদা শিরীন, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি আলহাজ্ব বাবরউদ্দিন, জাতীয়তাবাদী যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা এম এ বাতিন, ব্রুকলিন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গির সোহরাওয়ার্দী, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জনি প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি ঘটেছে। দেশ আজ ভয়াবহ সংঘাতের দিকে ধাবিত হচ্ছে। শিক্ষাঙ্গণ আজ রণাঙ্গনে পরিণত হয়েছে। ছাত্রসমেজের ন্যায্য দাবির বিরুদ্ধে সরকারের ছত্রছায়ায় ছাত্রলীগ সন্ত্রাসী রূপ ধারণ করেছে। তাই দুর্বার আন্দলনের মধ্যদিয়ে এ সরকারের পতন ঘটাতে হবে।
বক্তারা আরও বলেন, দেশের মানুষের কথা বলার অধিকার হরণ করা হয়েছে। গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী খালেদা জিয়া আজ কারারুদ্ধ। মিথ্যা মামলা দিয়ে তাকে কারাগারে আটক রেখে নির্যাতন করা হচ্ছে। তিনি অসুস্থ, তাকে সুচিকিৎসা দেয়া হচ্ছে না। বক্তারা অবিলম্বে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করেন।
ইত্তেফাক/এমআই
