শেষ ম্যাচ জিতলো ভারত

আপডেট : ২৫ নভেম্বর ২০১৮, ২১:১৬

অধিনায়ক বিরাট কোহলির ব্যাটিং ও বাঁ-হাতি স্পিনার ক্রুনাল পান্ডিয়ার বোলিং নৈপুণ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হার এড়ালো সফরকারী ভারত। গতকাল তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে অসিদের ৬ উইকেটে হারায় টিম ইন্ডিয়া। এই জয়ে তিন ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ করলো ভারত ও অস্ট্রেলিয়া।

সিডনিতে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে অস্ট্রেলিয়া। দুই ওপেনার ডি আর্চি শর্ট ও অধিনায়ক অ্যারন ফিঞ্চ ৫১ বলে ৬৮ রান যোগ করেন।

৭৩ রানের মধ্যে দুই ওপেনারের বিদায়ের পর মিডল-অর্ডারের দুই ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল ও বেন ম্যাকডারমট বড় ইনিংস খেলতে পারেননি। দু’জনকেই থামিয়েছে পান্ডিয়া। ৯০ রানে চার উইকেট হারানোর পরও রানের চাকা সচল করার চেষ্টা করেন অস্ট্রেলিয়ার পরের দিকের ব্যাটসম্যানরা। ভারতের পান্ডিয়া ৩৬ রানে ৪ উইকেট নেন। এই ভেন্যুতে কোনো স্পিনারের এটিই সেরা বোলিং ফিগার।

১৬৫ রানের টার্গেটে খেলতে নেমে ভারতকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার রোহিত শর্মা ও শিখর ধাওয়ান। পঞ্চম ওভারের চতুর্থ বলে ভারত পায় অর্ধশতকের দেখা। অস্ট্রেলিয়ার বাঁ-হাতি পেসার মিচেল স্টার্কের বলে লেগ বিফোর হবার আগে ২২ বলে ৪১ রান করেন ধাওয়ান। অস্ট্রেলিয়ার ডান-হাতি লেগ স্পিনার এডাম জাম্পার দুর্দান্ত একে ডেলিভারিতে বোল্ড হন রোহিত। ১টি চার ও ২টি ছক্কায় ১৬ বলে ২৩ রান করেন তিনি।

এখান থেকে জুটি বেঁধে ভারতকে চাপ মুক্ত করার চেষ্টা করেন অধিনায়ক বিরাট কোহলি ও লোকেশ রাহুল। দেখেশুনে খেলতে থাকেন তারা। পাশাপাশি রান তোলার গতিও ধরে রাখেন তারা।

পঞ্চম উইকেট জুটিতে ৩৯ বলে অবিচ্ছিন্ন ৬০ রান করে ভারতের জয় নিশ্চিত করেন কোহলি ও দিনেশ কার্তিক। ৪টি চার ও ২টি ছক্কায় ৪১ বলে অপরাজিত ৬১ রান করেন কোহলি।