জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গণিত বিভাগের ১১তম ব্যাচের আবুল হোসেন ওরফে পরাগ ও ইতিহাস বিভাগের ১২ তম ব্যাচের নূরে আলম সিদ্দিকী ওরফে নুরা নামে দুই ছাত্রলীগ কর্মীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার প্রকৌশলী মো: ওহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, রবিবার বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারপন্থী কিছু শিক্ষার্থী প্রগতিশীল ছাত্রজোটের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করলে জবি ছাত্রলীগের সাধারণ সম্পাদকের নেতা-কর্মীরা হামলা চালায়। এ সময় পেশাগত কাজে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করতে গেলে ছাত্রলীগের কর্মীরা সাংবাদিকদের ওপর অতর্কিতে হামলা ও মারধর করে।
সাংবাদিকদের ওপর হামলার ঘটনা তদন্ত কমিটির প্রধান ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূর মোহাম্মদ বলেন, হামলার ঘটনাটি অনেক পর্যবেক্ষণ করে চূড়ান্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে জবি প্রশাসন।
এ বিষয়ে জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, যাদের বহিষ্কার করা হয়েছে তারা যদি আবার এমন কোন কর্মকাণ্ডে জড়িত হয় তাহলে তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হবে।
এছাড়া হামলার ঘটনার সঙ্গে জড়িতদের মুচলেকা নিয়েছে জবি প্রশাসন। তারা হলেন, একাউন্টিং বিভাগের ৯ম ব্যাচের রিয়াজ, পদার্থ বিজ্ঞান বিভাগের ১২তম ব্যাচের সাইমুম আকরাম, ১২তম ব্যাচের জয়নুল আবেদিন, মনোবিজ্ঞান বিভাগের ১০ তম ব্যাচের কামরুল হাসান, রসায়ন বিভাগের সাইফুল্লাহ বিজয়, ১২ তম ব্যাচের সাগর, ১৩তম ব্যাচের আসিফ ও দর্শন বিভাগের ১২ তম ব্যাচের মাজু।
পরবর্তীতে ক্যাম্পাসে কোনো প্রকার বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করলে সিন্ডিকেটে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া হামলায় জড়িত বহিরাগত রাশিক মুস্তাকিমকে ক্যাম্পাসে চলাফেরায় রেড এলার্ট জারি করা হয়েছে।
ইত্তেফাক/নূহু
