পাট ও বস্ত্রমন্ত্রী ইমাজ উদ্দিন প্রামানিক বলেছেন, বর্তমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য হচ্ছে ঘরে ঘরে বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত করা। সরকারের সেই লক্ষ্য সাফল্যজনকভাবে অর্জিত হয়েছে। মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ সরবরাহ প্রায় নিশ্চিত হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে নওগাঁর মান্দা উপজেলায় ৯টি গ্রামে নতুন বিদ্যুতায়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পাট ও বস্ত্রমন্ত্রী এ কথা বলেছেন।
মান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মান্দা উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুশফিকুর রহমান। পল্লীবিদ্যুত সমিতি প্রকল্পটি বাস্তবায়ন করেছে। এই প্রকল্পে মোট ব্যায় হয়েছে ২ কোটি ২০ লাখ ৬ হাজার টাকা।
অনুষ্ঠানে পল্লী বিদ্যুৎ সমিতির সহকারি জেনারেল ম্যানেজার (এজিএম) আবু তালহা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোল্লা এমদাদুল হক, সাধারণ সম্পাদক স ম জসিমুদ্দিনসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/ইউবি
