নিউইয়র্কে মতবিনিময় সভায় এলজিআরডি মন্ত্রী

আগামী নির্বাচনে আওয়ামী লীগকে জয়ী করার বিকল্প নেই

আপডেট : ১৪ জুলাই ২০১৮, ১৩:২৬
যুক্তরাষ্ট্র সফররত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দেশ ও প্রবাসের সকলকে ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করে বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের পথে বাংলাদেশ অনেকটা এগিয়েছে। তাই আগামী নির্বাচনে আওয়ামী লীগকে জয়ী করার বিকল্প নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের এ পরিক্রমা এখন আন্তর্জাতিক অঙ্গনে রোল মডেলে পরিণত হয়েছে।
 
স্থানীয় সময় শুক্রবার রাতে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
 
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুদ্দিন আজাদের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন এবং নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন নেসা।
 
এলজিআরডি মন্ত্রী বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনের ক্ষেত্রে গত ৩ বছরের অগ্রগতির পর্যালোচনা সমাবেশে এসেছিলাম জাতিসংঘে। সেখানে বাংলাদেশের প্রশংসা বাক্য শুনে খুবই ভালো লাগলো। বিদেশিদের কাছে বাংলাদেশের এগিয়ে চলার গল্পে আমরা সকলেই উজ্জীবিত।
 
তিনি আরো বলেন, শেখ হাসিনার সরকার কাজে বিশ্বাসী। যার সুফল এখন সমগ্র জনগোষ্ঠী পাচ্ছে। প্রবাসীরাও দেশে গেলে সম্মান পাচ্ছেন। প্রবাসীদের ব্যাপারে বর্তমান সরকারের সীমাহীন উদারতার নজির রয়েছে।
 
মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ও নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির সভাপতি প্রার্থী জয়নুল আবেদীন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি লুৎফুল করিম, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান, প্রচার সম্পাদক এনাম, উপ-প্রচার সম্পাদক তৈয়বুর রহমান টনি, প্রবাসী কল্যাণ সম্পাদক সোলায়মান আলী, মানবাধিকার সম্পাদক মিসবাহ আহমেদ, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক সম্পাদক সাখাওয়াত বিশ্বাস, যুক্তরাষ্ট্র যুবলীগের নেতা জামাল উদ্দিন ও যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সভাপতি কাজী আজিজুল হক খোকন।
 
মতবিনিময় সভার শুরুতে মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বৃহত্তর ফরিদপুর অঞ্চলের প্রবাসীরা। এরআগে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের দ্রুত আরোগ্য এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাতে নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্র ওলামা লীগের নেতা মাওলানা সাইফুল আলম সিদ্দিকী।
 
ইত্তেফাক/আরকেজি