প্রশ্নপত্র ফাঁস রোধ করলে যদি পাসের হার কিছুটা কমও হয় তাতে অসুবিধা নেই। কারণ শিক্ষার্থীদের প্রকৃত মানদণ্ডের প্রতিফলন ঘটে। এতে পরবর্তীতে শিক্ষার্থীদের মাথা থেকে সব রকমের আজে-বাজে চিন্তা দূর হয়ে পড়ায় মনোনিবেশ করবে। আমরা বিগত এইচএসসি পরীক্ষা অত্যন্ত স্বচ্ছভাবে অনুষ্ঠিত করতে পেরেছি।
আজ রবিবার বেলা ১২টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দে শৃজনশীল মেধা অন্বেশনের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী এসব কথা বলেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্য করে শিক্ষা প্রতিমন্ত্রী আরো বলেন, তোমাদের ছোটবেলা থেকেই সৃজনশীল চিন্তা লালন করে মানুষ হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে হবে। এক্ষেত্রে তোমার বিদ্যালয়, তোমার বাড়ি-ঘর পরিচ্ছন্ন পরিপাটি তোমাদেরকেই রাখতে হবে। এতে তোমরা যদি অভ্যস্ত হয়ে যাও, তবে এর প্রভাব তোমাদের জীবনেও পড়বে।
এর আগে শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী এমপি গোয়ালন্দ উপজেলা কোর্ট চত্ত্বর মাঠে প্রাথমিক পর্যায়ের বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. আবু নাসার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত দুটি অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম, সহকারী কমিশনার (ভুমি) শেখ আব্দুল্লাহ সাদীদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, গোয়ালন্দ ঘাট থানার ওসি মীর্জা একে আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুজ্জামান মিয়া, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মণ্ডল, উপজেলা শিক্ষা অফিসার আ. মালেক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাসুদুর রহমান প্রমুখ।
পরে উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করেন শিক্ষা প্রতিমন্ত্রী।
ইত্তেফাক/কেকে
