স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় অস্ত্রসহ গ্রেফতার ৪

আপডেট : ১৫ জুলাই ২০১৮, ১৮:৪৭
সাভার উপজেলার আশুলিয়ার কুমকুমারি এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় চার ডাকাতকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত ডাকাতদের জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে রবিবার দুপুরে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
 
গ্রেফতারকৃত ডাকাত সদস্যরা হলো, পাবনা জেলার বেড়া থানা এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে পলাশ মিয়া, একই থানার বাবুরিয়া গ্রামের মৃত নুরু বক্স মন্ডলের ছেলে আব্দুল জলিল, শেরপুর জেলার সদর থানার দিকপাড়া গ্রামের কেরামত আলীর ছেলে জুয়েল রানা এবং রবিন কুমার কর্মকার।
 
ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, গত ৩১ মে রাতে আশুলিয়ার কুমকুমারি এলাকার সততা জুয়েলার্স নামে একটি স্বর্ণের দোকানে হানা দেয় একদল সশস্ত্র ডাকাত। তারা ওই দোকান থেকে প্রায় চল্লিশ ভরি স্বর্নালঙ্কার লুট করে। এ সময় আতঙ্ক সৃষ্টি করতে ডাকাত সদস্যরা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। 
 
এ ঘটনায় দোকান মালিক বিপ্লব সরকার আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করলে গোয়েন্দা পুলিশকে (ডিবি) তদন্তভার দেওয়া হয়। পরে ঘটনাস্থলের পাশে একটি বিল্ডিং থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ডাকাতদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় তিন দিন আগে রবিন কুমার কর্মকার নামে এক ডাকাতকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য অনুযায়ী বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে একটি প্রাইভেট কার ও কিছুু দেশীয় অস্ত্রসহ আরও তিন ডাকাতকে গ্রেফতার করা হয়।
 
এছাড়া ডাকাতির ঘটনায় জড়িত বাকিদের গ্রেফতার এবং লুন্ঠিত মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
 
ইত্তেফাক/নূহুৃ