নেইমারদের ছাড়াই জিতলো পিএসজি

আপডেট : ২৫ নভেম্বর ২০১৮, ২১:২০

ফরাসি চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেইঁ লিগে নিজেদের জয়ের ধারা অব্যাহত রেখেছে। ফরোয়ার্ড এডিসন কাভানির একমাত্র গোলে তোউলুসের বিপক্ষে জয় পেয়েছে তারা। আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে চোট পাওয়ায় এই ম্যাচে মাঠে ছিলেন না দলের দুই বড় তারকা নেইমার এবং কিলিয়ান এমবাপে। তবে তাদের ছাড়াও সাবলীল ফুটবলই খেলছিল কোচ থমাস টুখেলের শিষ্যরা। নবম মিনিটে মিডফিল্ডার আদ্রিয়ান র্যাবিওর বাড়ানো বলকে কাভানি তোউলুসের জালে পাঠালে এগিয়ে যায় পিএসজি। তবে তোউলুসেও লড়ছিল সমান তালেই। পিএসজি গোলমুখে ১৩টি শট নিলেও শেষমেশ গোলের দেখা পায়নি তারা। ফলে এক গোলের ব্যবধানে ম্যাচটি জিতে জয়ের ধারাকে ১৪ ম্যাচে উন্নীত করে পিএসজি। বলাই বাহুল্য, ১৪ ম্যাচ থেকে ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে প্যারিসই।