চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

আপডেট : ১৬ জুলাই ২০১৮, ১৭:৪৮
সদর উপজেলার বহরম গ্রামের লুৎফর রহমান মাস্টার হত্যা মামলায় দুই জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শওকত আলী আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
 
দণ্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার চকবহরম গ্রামের গোলাম মোহাম্মদের ছেলে বোগদাদ (৪৬) ও মো. মমিনের ছেলে মো. সাদ্দাম (২৮)। 
 
চাঁপাইনবাবগঞ্জের সরকারি অতিরিক্ত কৌশুলী আঞ্জুমান আরা মামলার বরাত দিয়ে জানান, ২০১২ সালের ২৫ আগস্ট নিহত লুৎফর রহমানের বাড়ির সামনে গরুর গোবর রাখাকে কেন্দ্র করে নিহতের ছেলে মতিউর রহমানের সঙ্গে প্রতিবেশি বোগদাদ ও সাদ্দামের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে লুৎফর রহমানকে তার বাড়ির সামনে কুপিয়ে হত্যা করে মৃত্যু নিশ্চিত করে চলে যায়। এ ঘটনায় ৭ জনকে অভিযুক্ত করে নিহতের স্ত্রী মরিয়ম বেগম বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। 
 
মামলার তদন্ত শেষে ২০১৩ সালের ৩০ জুন সদর থানার এসআই রওশন কবীর ৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। 
 
এ মামলায় বাদী, চিকিৎসক ও তদন্তকারী কর্মকর্তসহ ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বোগদাদ ও মো. সাদ্দামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হওয়ায় আদালত তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন এবং অন্যদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস প্রদান করা হয়। 
 
ইত্তেফাক/কেকে