g স্পোর্টস ডেস্ক
ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে প্রথম হারের স্বাদ পেল চেলসি। শনিবার রাতে স্বাগতিক টটেনহ্যামের কাছে ৩-১ গোলে হেরেছে মাউরিজিও সারির দল। এদিকে নিজেদের মাঠে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
বড়দের পয়েন্ট খোয়ানোর দিনে জয়ের ধারা ধরে রেখেছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি এবং লিভারপুল। ওয়েস্ট হ্যামের বিপক্ষে ৪-০ গোলে জিতেছে সিটি এবং ওয়াটফোর্ডকে ৩-০ গোলে হারিয়েছে লিভারপুল।
নিজেদের মাঠ ওয়েম্বলিতে অষ্টম মিনিটেই এগিয়ে যায় টটেনহ্যাম। ক্রিস্টিয়ান এরিকসেনের ফ্রি কিকে হেডে লক্ষ্যভেদ করেন ইংলিশ মিডফিল্ডার ডেলে আলি। চেলসির বিপক্ষে সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ পাঁচ ম্যাচে এটি তার ষষ্ঠ গোল। ষোড়শ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে টটেনহ্যাম। এবারও এরিকসেনের ছোট পাস ধরে একটু এগিয়ে ডান পায়ের জোরালো শটে কাছের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন কেইন। চলতি মৌসুমে এটি তার ১১তম গোল।
স্পার্সদের মুহুর্মুহু আক্রমণে দিশেহারা চেলসি প্রতিপক্ষ পোস্টে প্রথম শট নেয় ৩৭তম মিনিটে। কিন্তু এডেন হ্যাজার্ডের প্রচেষ্টা কর্নারের বিনিময়ে ফেরান হুগো লরিস। ৫৪তম মিনিটে সন হিউং মিন লক্ষ্যভেদ করলে ম্যাচটি চেলসির নাগালের বাইরে নিয়ে যায় মরিসিও পচেত্তিনোর দল। ৮৫তম মিনিটে চেজার অ্যাজপ্লিকুয়েতার বাড়ানো ক্রসে মাথা ছুঁইয়ে জিরু লক্ষ্যভেদ করলে সান্ত্বনার গোলটি পায় চেলসি।
এই ১২ ম্যাচ অপরাজিত থাকার পর এই হারের ফলে ২৮ পয়েন্ট নিয়ে তালিকার চারে নেমে গেছে ব্লুজরা। অন্যদিকে ১৩ ম্যাচ ১০ জয়ে ৩০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে টটেনহ্যাম।
শনিবারের অন্য ম্যাচে নিজেদের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ১৩ ম্যাচে ছয় জয় ও তিন ড্রয়ে ২১ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে হোসে মরিনহোর শিষ্যরা।
এদিকে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের মাঠ থেকে ৪-০ গোলের জয় নিয়ে ফিরেছে ম্যানচেস্টার সিটি। জোড়া গোল করেছেন দলের জার্মান উইঙ্গার লেরয় সানে। এর ফলে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইলো পেপ গার্দিওলার শিষ্যরা।
প্রতিপক্ষের মাঠ থেকে জয় নিয়ে ফিরেছে দ্বিতীয় স্থানে থাকা লিভারপুলও। মোহামেদ সালাহ, ট্রেন্ট আলেকজান্ডার-আরনল্ড ও রবার্তো ফিরমিনোর গোলে ওয়াটফোর্ডকে ৩-০ ব্যবধানে হারিয়েছে তারা।
