রাজধানীর সবুজবাগ এলাকা থেকে অপহরণের আড়াই মাস পর অপহৃত ব্যক্তিকে মহাখালী এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। রবিবার গভীর রাতে মহাখালীতে অভিযান চালিয়ে শহীদুল ইসলামকে (৩৩) উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ অপহরণকারী চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন- লিপি (৩৬), সুফিয়া বেগম (৫৫), আওয়াল মাস্টার (৪৮), মিন্টু (৪১), হাসি (৩০) ও সোহেল (৩২)।
পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার বশির আহমেদ জানান, একই গ্রামের হওয়ায় আসামিরা বিভিন্ন সময় সুবজবাগে শহীদুলের বাসায় আসা যাওয়া করতেন। একপর্যায়ে সুফিয়া বেগম শহীদুলের স্ত্রী বকুল আক্তার আঁখির কাছে ব্যবসার জন্য ৫ লাখ টাকা ধার চায়। ধার দিতে অস্বীকার করলে সুফিয়া বেগম ক্ষিপ্ত হয় এবং আঁখির ক্ষতি করবে বলে হুমকি দেয়। পরে ২ মে সকালে আঁখির স্বামী শহিদুল ইসলাম সবুজবাগ থানাধীন মধ্য বাসাবোর বাসা থেকে বের হওয়ার পর সুফিয়ার লোকজন তাকে অপহরণ করে নিয়ে যায়। পরে ভিকটিম শহিদুল ইসলামের মোবাইল থেকে তার স্ত্রী বকুল আক্তার আঁখির মোবাইলে অপহরণকারীরা ফোন করে বলে ‘তুই যদি আমাদের কথামত ৫ লাখ টাকা চাঁদা না দিস কিংবা আমাদের কথামতো খালি স্ট্যাম্পে স্বাক্ষর না করিস, তা হলে তোর স্বামীকে খুন করে টুকরা টুকরা করে বস্তায় ভরে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেব’।
এ ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে আদালতে একটি মামলা করেন। ওই মামলার তদন্তের সূত্র ধরে রবিবার মহাখালী এলাকা থেকে শহীদুলকে উদ্ধার করা হয়।
ইত্তেফাক/এমআই
