ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ৩০

আপডেট : ১৬ জুলাই ২০১৮, ২২:৫৯
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পেয়ারা বিক্রির ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে পুলিশসহ ৩০ জন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার চম্পকনগর বাজারে এ ঘটনা ঘটে।
 
স্থানীয়রা জানান, রবিবার বিকালে চম্পকনগর বাজারে পেয়ারা ক্রেতা ও বিক্রেতা দুজনের মধ্যে দামদর নিয়ে হাতাহাতি হয়। এর জের ধরে সোমবার সন্ধ্যায় দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ এসে রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি শান্ত করে।
 
বিজয়নগর থানার (ওসি) আলী আর্শাদ জানান, দুই পক্ষের সংঘর্ষে চার পুলিশ সদস্য  আহত হয়েছেন। পরিস্থিতি শান্ত করতে ৫০ রাউন্ড রাবার বুলেট ব্যবহার হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। 
 
ইত্তেফাক/ইউবি