সুবীর নন্দীকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি...

আপডেট : ২০ এপ্রিল ২০১৯, ২১:০১

অনেকদিন ধরে অসুস্থ হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ইনটেনসিভ কেয়ার ইউনিটে চিকিত্সাধীন আছেন সুবীর নন্দী। তাঁর শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে সিঙ্গাপুরের হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর চিকিত্সার যাবতীয় ব্যবস্থাপত্র সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতি মিললেই এয়ার অ্যাম্বুলেন্সে করে সুবীর নন্দীকে উন্নত চিকিত্সার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে। ডা. সামন্ত লাল সেন বলেন, ‘প্রধানমন্ত্রী সুবীর নন্দীর বিষয়ে খুবই আন্তরিক। সব খোঁজখবর নিয়েছেন তাঁর।’ সুবীর নন্দী বর্তমানে সম্মিলিত সামরিক হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন। তাঁর চিকিত্সার বিষয়ে শুক্রবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্ করেন সঙ্গীতশিল্পী কুমার বিশ্বজিত্, তপন চৌধুরী, রফিকুল আলম ও ডা. সামন্ত লাল সেন। তাঁরা সুবীর নন্দীর চিকিত্সা সম্পর্কে প্রধানমন্ত্রীকে জানান। এর আগে সকালে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাঁর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সম্মিলিত সামরিক হাসপাতালে গিয়ে সুবীর নন্দীর খোঁজখবর নেন এবং তাঁর স্ত্রী ও কন্যার সঙ্গে সাক্ষাত্ করেন।

উল্লেখ্য, ১২ এপ্রিল সুবীর নন্দী পরিবারের সবাইকে নিয়ে মৌলভীবাজারে আত্মীয়ের বাড়িতে যান। সেখানে একটি অনুষ্ঠান ছিল। ঢাকায় ফেরার ট্রেনে ওঠার জন্য বিকেলে মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গলে আসেন তাঁরা। ট্রেনেই অসুস্থ হয়ে পড়েন তিনি। ভাগ্যক্রমে সেখানে একজন চিকিত্সক থাকায় তাঁর পরামর্শে সুবীর নন্দীকে নিয়ে তাঁরা ঢাকার বিমানবন্দর স্টেশনে নেমে যান। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাত ১১টার দিকে তাঁকে দ্রুত সিএমএইচে নিয়ে যাওয়া হয়।