কবিতা পড়ে কি ক্যান্সারের চিকিত্সা খরচ ওঠা সম্ভব! না হোক কিন্তু হৃদয়বান মানুষের কাছে তো বার্তা পৌঁছানো যাবে। সেই আশায় বড় ভাই এস এম ফকরুল ইসলামের চিকিত্সার জন্য কবিতা পড়লেন আবৃত্তি শিল্পী মাহিদুল ইসলাম। তার সঙ্গে কবিতা পাঠে অংশ নিয়েছেন দেশের স্বনামধন্য আরো আবৃত্তিকাররা।
গতকাল সোমবার বড় ভাইয়ের চিকিত্সার সাহাযার্থে এ ‘নন্দিত নিবেদন’ শীর্ষক আবৃত্তি আয়োজন বসেছিল শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে। যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করেছিল স্বরচিত্র ও আবৃত্তিমেলা।
মাহিদুল ইসলাম জানান, তার বড় ভাই এস এম ফকরুল ইসলাম বর্তমানে ভারতের মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন। সংস্কৃতিপ্রেমী এই আইনজীবীর চিকিৎসার অর্থ সংকুলনের জন্য তিনি কণ্ঠে তুলে নিয়েছেন বরেণ্য কবিদের কবিতা।
মাহিদুল ইসলামের কবিতা পাঠের মাঝে মাঝে কথনে অংশ নেন আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকামউল্লাহ, শিমুল মুস্তফা, গোলাম সারোয়ার, রূপা চক্রবর্তী প্রমূখ।
ইত্তেফাক/কেআই
