পাচারের শিকার ৪ কিশোরকে হিলি চেকপোস্ট দিয়ে হস্তান্তর

আপডেট : ১৮ জুলাই ২০১৮, ১৪:৪৪
দীর্ঘ দুই বছর আটক থাকার পর পাচারের শিকার বাংলাদেশি চার কিশোরকে ফেরত দিয়েছে ভারতের হিলি অভিবাসন পুলিশ। আজ বুধবার সকাল ১১টায় দিনাজপুরের হিলি চেকপোস্ট দিয়ে তাদের বাংলাদেশের হিলি অভিবাসন পুলিশের কাছে হস্তান্তর করে। এসময় সেখানে বিজিবি, বিএসএফ, স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে ওই চার কিশোরকে তাদের পরিবারের কাছে তুলে দেয়া হয়।
 
হিলি চেকপোস্ট অভিবাসন পুলিশের অফিসার ইনচার্জ আফতাব হোসেন জানান, বিভিন্ন সময়ে দালালেরা এই কিশোরদের হিলি ও পাঁচবিবি সীমান্ত দিয়ে ভারতে পাচার করে। এসময় তাদের কাছে বৈধ কাগজপত্র না থাকায় সেখানকার আইন-শৃঙ্খলা বাহিনী আটক করে। সে সময় বয়স ১৮ বছরের কম হওয়ায় জেল-হাজতের পরিবর্তে তাদের ভারতের দক্ষিণ দিনাজপুরের “বালুরঘাট শুভায়ন অবজারভেশন হোমে” আটক রাখা হয়।
 
ফেরত আসা কিশোররা হলো- ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার নান্নু মিয়ার ছেলে শাহ জামাল, নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার বেলাল হোসেনের ছেলে সাগর হোসেন ও আনোয়ার হোসেনের ছেলে ইমন ইসলাম এবং দিনাজপুরের পার্বতীপুর উপজেলার অহিদুল ইসলামের ছেলে রশিদুল ইসলাম।
 
ইত্তেফাক/কেকে