হার এড়ালো বার্সেলোনা

আপডেট : ২৫ নভেম্বর ২০১৮, ২১:২১

g স্পোর্টস ডেস্ক

উসমান দেম্বেলের শেষ মুহূর্তের গোলে অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে হার এড়িয়েছে বার্সেলোনা। এর ফলে স্প্যানিশ লিগ পয়েন্ট তালিকার শীর্ষেই রইলো বর্তমান চ্যাম্পিয়নরা।

ম্যাচের ৮০ মিনিটে আর্থারের বদলি হিসেবে মাঠে নেমেছিলেন দেম্বেলে। এরপর শেষ মুহূর্তের গোল করে হারতে বসা দলের ত্রাতা হিসেবে আবির্ভূত হন ফরাসি উইঙ্গার। স্বস্তির ড্র নিয়ে মাঠ ছাড়ার পর তাই ফরাসি এই ফরোয়ার্ডের প্রশংসায় পঞ্চমুখ হলেন কাতালান দলটির কোচ আর্নেস্তো ভালভার্দে।

পয়েন্ট তালিকার শীর্ষ দুই দলের লড়াইয়ে শুরু থেকেই বল দখলে এগিয়ে ছিল বার্সেলোনা। তবে এরপরও অ্যাটলেটিকোর শারীরিক শক্তিনির্ভর ফুটবলের সামনে সুবিধা করতে পারছিলেন না লিওনেল মেসিরা। উল্টে ৭৭তম মিনিটে দিয়েগো কস্তার হেডে স্বাগতিকরা এগিয়ে গেলে হারের শঙ্কায়ই পড়ে যায় বার্সা। ৯০ মিনিটে মেসির বাড়ানো বল থেকে চলতি লিগে পঞ্চম গোলের দেখা পান দেম্বেলে। ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে আর্নেস্তো ভালভার্দের শিষ্যরা।

গুরত্বপূর্ণ ম্যাচে নেমেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ায় ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে দেম্বেলের প্রশংসাই ঝরে পড়লো বার্সা কোচের কণ্ঠে। তবে ২১ বছর বয়সী এই ফরোয়ার্ডের সেরাটা বের করে আনতে বাকি শিষ্যদের সহযোগিতা করার আহ্বানও জানিয়েছেন তিনি। ভালভার্দে বলেন, ‘ম্যাচে গোলসহ তার উপস্থিতি ছিল গুরুত্বপূর্ণ। দেম্বেলের ধারাবাহিকতা রয়েছে। দেম্বেলের যা আছে তা এই দলের আর কারো মধ্যে নেই। আত্মবিশ্বাস, ওয়ান অন ওয়ান পরিস্থিতিতে তার খেলা, দুই পায়ে শট নেওয়ার সক্ষমতা এবং ব্যক্তিত্ব...।’

ভালভার্দে মনে করেন সহযোগিতা পেলে নিজের সেরাটা ঢেলে দিতে পারবেন দেম্বেলে। তিনি বলেন, ‘তার মেধাকে বের করে আনতে আপনাকে তাকে সাহায্য করতে হবে।’

বার্সেলোনার চেয়ে এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে আতলেতিকো। শনিবার প্রথম ম্যাচে এইবারের কাছে হেরে যাওয়া রিয়াল মাদ্রিদ ২০ পয়েন্ট নিয়ে আছে ষষ্ঠ স্থানে। পিছু পিছু ছুটলেও আতলেতিকোকে মুকুট ধরে রাখার লড়াইয়ে সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ মনে করছেন না ভালভার্দে। তিনি বলেন, ‘আমি মনে করি না তারা মূল প্রতিপক্ষ। তবে তারা একটা প্রতিপক্ষ। আমরা যদি ম্যাচটা দেখি, প্রতিপক্ষের অর্ধে আমাদের খেলার হার ছিল অনেক বেশি; কেননা আমরা জিততে চেয়েছিলাম।’

তিনি আরো বলেন, ‘সাধারণত কিছু বিষয়ে উন্নতি করতে হবে আমাদের। শেষ কয়েক মিনিটে আমাদের জ্বলে ওঠার কিছুটা ঘাটতি ছিল। কিন্তু আমরা প্রতিপক্ষকে ভালোভাবে নিয়ন্ত্রণ করেছিলাম।’