ট্রেন দুর্ঘটনা রোধে সিগন্যাল ট্রান্সমিটার আবিষ্কার

আপডেট : ১৯ জুলাই ২০১৮, ১৮:০৯

দুর্বৃত্তায়ন ও লাইনচ্যুতির কারণে সারাদেশে বছরে কমপক্ষে ১৫ থেকে ২০টি ট্রেন দুর্ঘটনার শিকার হয়। আর এতে ক্ষতি হয় কয়েক কোটি টাকার। চলে যায় অনেক প্রাণও!

সম্প্রতি ট্রেন দুর্ঘটনা রোধে সিগন্যাল ট্রান্সমিটার আবিষ্কার করেছেন নাটোরের সিংড়া পৌর এলাকার গোডাউন পাড়া মহল্লার মৃত রওশন আলীর ছেলে মনোয়ার হোসেন মিঠুন।

ব্যক্তি জীবনে মিঠুন বগুড়ার শেরপুরে পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার হিসেবে কর্মরত। তার আবিষ্কৃত সিগনাল ট্রান্সমিটার আগেই জানিয়ে দিবে লাইনে সমস্যা ও লাইনচ্যুতির খবর।

মিঠুনের দাবি স্লিপার কিংবা পাটাতন বিচ্ছিন্ন হয়ে থাকলে আগেই জানিয়ে দিবে এই সিগন্যাল ট্রান্সমিটার। আর এতে ট্রেন দুর্ঘটনার কবল থেকে রক্ষা পাবে যাত্রী সাধারণ।

তিনি জোর দাবি করে বলেন, আমার এই আবিষ্কৃত সিগনাল ট্রান্সমিটার প্রতিটি ষ্টেশনে ব্যবহার করলে ট্রেন দুর্ঘটনা রোধ করা সম্ভব।

দেশ ও দেশের বাইরে প্রতিটি স্টেশনে এই সিগনাল ট্রান্সমিটার ব্যবহারে খরচ পড়বে মাত্র ৭০হাজার টাকা। এতে ট্রেন দুর্ঘটনা রোধসহ জানমাল রক্ষা করা সম্ভব বলে তিনি জানিয়েছেন।

এ জন্য তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও রেলমন্ত্রী মুজিবুল হকের সুদৃষ্টি কামনা করেছেন।

ইত্তেফাক/নূহু