ডান পায়ের মেটাটার্সাল হাড় ভেঙে সেই জানুয়ারি থেকেই মাঠের বাইরে আছেন পিএসজি তারকা নেইমার। ফ্রেঞ্চ কাপে স্ত্রাসবুর্গের বিপক্ষে সেই ম্যাচে পাওয়া চোট সারিয়ে চলতি মাসের শুরুতেই অনুশীলনে ফিরেছেন তিনি। তবে মেডিক্যাল দল থেকে সবুজ সংকেত না মেলায় খেলতে পারেননি তিনি। এবার পিএসজি কোচ থমাস টুখেল জানালেন আজ রাতে মোনাকোর বিপক্ষে ম্যাচ দিয়েই শেষ হতে পারে তার অপেক্ষার প্রহর। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমাদের অপেক্ষা করতে হবে আরো দুইটি অনুশীলন সেশন রয়েছে। সম্ভবত এটা রবিবারেই হবে, এমনটাই আশা করছি আমি। নেইমার আমাদের সঙ্গে আছে, সে শক্তিশালী এবং কঠোর পরিশ্রমী। মাঠে নামতে সে মরিয়া, এটা অনুশীলন সেশনেই বুঝেছি আমরা।’
