ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ। দুটি অলিখিত ফাইনাল অনুষ্ঠিত হবে আজ। বিকেএসপির তিন নম্বর মাঠে হাইভোল্টেজ ম্যাচে আবাহনী ক্রীড়াচক্রের বিরুদ্ধে খেলবে লিজেন্ডস অব রূপগঞ্জ। এই ম্যাচটিই হয়ে যেতে পারে প্রিমিয়ার লিগের শিরোপার নির্ধারক।
পয়েন্ট তালিকার শীর্ষে থাকা রূপগঞ্জ আজ জিতলেই শিরোপার ফয়সালা হয়ে যাবে। লিগ চ্যাম্পিয়ন হয়ে যাবে রূপগঞ্জ। আর আবাহনী জিতলে কিছুটা অপেক্ষা থাকবে। আবাহনীর জয়ে দুদলের পয়েন্ট সমান হবে। তখন শেষ রাউন্ডে হবে শিরোপার নিষ্পত্তি। ১৪ ম্যাচে এখন রূপগঞ্জের পয়েন্ট ২৪, আবাহনীর ২২।
সুপার লিগে আজ বিকেএসপির চার নম্বরে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব খেলবে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে। মিরপুর স্টেডিয়ামে মোহামেডানের প্রতিপক্ষ প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।
দিনের আরেকটি অলিখিত ফাইনাল ম্যাচ হবে রেলিগেশন লিগে। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে বিকেএসপি। এই ম্যাচ জিতলেই প্রথম বিভাগে অবনমনের হাত থেকে বেঁচে যেতে পারে ব্রাদার্স। তবে হারলেই অবনমন হবে তাদের। প্রিমিয়ারে টিকে থাকতে জিততেই হবে ব্রাদার্সকে। সবগুলো ম্যাচই শুরু হবে সকাল ৯টায়।
আবাহনীর বিরুদ্ধে আজ নিজেদের সেরা ক্রিকেট খেলতে চায় রূপগঞ্জ। আবাহনীকে হারিয়ে শিরোপা নিশ্চিত করতে মুখিয়ে দলটি। সদ্য বিবাহিত মুমিনুল হক আজ খেলতে পারেন রূপগঞ্জের হয়ে।
গতকাল বিসিবি একাডেমি মাঠে অনুশীলন শেষে দলটির কোচ আফতাব আহমেদ বলেছেন, ‘আবাহনী তো নিঃসন্দেহে একটা ভালো দল। সবকিছু মিলিয়ে যদি আপনি চিন্তা করেন তাহলে দেখবেন আমাদের দল অনেক ভালো ক্রিকেট খেলছে। সুতরাং আমাদের কে খেলছে কিংবা কে খেলছে না সেটি নিয়ে চিন্তা নেই। আমাদের চিন্তা হলো কালকে কিভাবে ভালো ক্রিকেট খেলবো। আমরা যেভাবে ভালো ক্রিকেট খেলে এসেছি যদি সেভাবে আমরা ক্রিকেট খেলতে পারি তাহলে আমাদের খুব একটা পার্থক্য হবে না ইনশাল্লাহ।’
আফতাবের মতে, আজকের ম্যাচে চাপে থাকবে আবাহনী। জাতীয় দলের ক্রিকেটার ঠাসা গত আসরের চ্যাম্পিয়নরা এবার লিগের সবচেয়ে শক্তিশালী দল। দুই পয়েন্টে পিছিয়ে থাকা আবাহনীর সামনে আজ জয়ের বিকল্প নেই। লিগের প্রথম পর্বে রূপগঞ্জের কাছে হেরেছিল মোসাদ্দেক হোসেন সৈকতের দল। গতকাল অনুশীলন করেনি আবাহনী। মোসাদ্দেক, সৌম্য ব্যক্তিভাবে অনুশীলন করেছেন। দলের বাকি সদস্যরা জিম করেছেন।
আফতাব বলেছেন, গুরুত্বপূর্ণ ম্যাচের আগে রূপগঞ্জ বেশ নির্ভারও রয়েছে। তিনি বলেন, ‘আমরা অনেক নির্ভার। আমাদের কোনো চাপ কাজ করছে না। কারণ আমরা এখন পর্যন্ত যা ফলাফল করেছি আলহামদুলিল্লাহ। আমাদের দুই পয়েন্ট করে লক্ষ্য। আর সেভাবেই যাবো।’
শক্তিমত্তায় আবাহনী এগিয়ে থাকছে, যা নিয়ে দ্বিমত নেই কারো। দলটির মিডল অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুনের বিশ্বাস, আবাহনী যদি নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারে, তবে অবশ্যই রূপগঞ্জকে হারাতে পারবে। গতকাল মিঠুন বলেছেন, ‘আমরা কাগজে কলমে শক্তিশালী। কিন্তু দিন শেষে, পারফরম্যান্সটাই বড়। সবাই সেটাই দেখে। আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। আমাদের স্বাভাবিক ক্রিকেট খেলতে হবে। আমাদের বিশ্বাস আছে যদি আমরা আমাদের স্বাভাবিক ক্রিকেট খেলতে পারি, তবে আমরা ওদেরকে হারাতে পারবো।’
