রংপুরের ওসি বাবুল মিঞা প্রত্যাহার

আপডেট : ১৯ জুলাই ২০১৮, ২১:৩৯

রংপুর কোতয়ালী থানার ওসি বাবুল মিঞাকে আজ রাত পৌনে নয়টায় প্রত্যাহার করা হয়েছে। ২০০৭ সালে সেনাবাহিনী নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়। ওই গ্রেফতারে ওসি বাবুল মিঞার সংশ্লিষ্ঠতা ছিল। এছাড়া জেলা জামায়াতের সঙ্গে সখ্যতার অভিযোগ প্রাথমিকভাবে প্রমানিত হওয়ায় রংপুর আওয়ামী লীগের তোপের মূখে তাকে প্রত্যাহার করা হলো।

ট্যুরিস্ট পুলিশ হিসেবে আগামী ২৯ জুলাই স্ট্যান্ড রিলিজের আদেশ জারি করা হয়েছে বলে রংপুরের পুলিশ সুপার মিজানুর রহমান বিপিএম ইত্তেফাককে জানিয়েছেন।

এদিকে আজ বৃহস্পতিবার ওসি বাবুল মিঞাকে অপসারণের দাবিতে ডিআইজি কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছে রংপুর মহানগর ও জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।

IMG0
বাবুল মিঞা সে সময় এসআই হিসেবে শেখ হাসিনাকে গ্রেফতারে দায়িত্ব পালনের সময় ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন বলেও অভিযোগ করেন তারা। দুপুরে তারা রংপুর রেঞ্জের ভারপ্রাপ্ত ডিআইজি বছির আহম্মদের সঙ্গে দেখা করে ওসিকে অপসারণের দাবিতে নতুন আলটিমেটাম দেয়। এ সময় ওসিকে প্রত্যাহার করে নেওয়া হবে বলে ডিআইজি তাদের আশ্বাস প্রদান করলে তারা ডিআইজির কার্যালয় থেকে বেরিয়ে আসে।

ইত্তেফাক/নূহু