খুলনায় পক্ষকালব্যাপী বৃক্ষমেলা শুরু

আপডেট : ২১ জুলাই ২০১৮, ১২:৫৪
খুলনায় পক্ষকালব্যাপী বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে। শনিবার সকালে স্থানীয় সার্কিট হাউস মাঠে এ মেলার উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া। 
 
উদ্বোধনকালে তিনি বলেন, পরিবেশ ও জীবনের জন্য গাছ গুরুত্বপূর্ণ। বৃক্ষরোপণ ইতোমধ্যে সামাজিক আন্দোলনে পরিণত হয়েছে। বৃক্ষ আমাদের জীবন ও জীবিকার সঙ্গে সম্পৃক্ত। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের ঝুঁকিপূর্ণ দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম। 
 
খুলনার জেলা প্রশাসক মো. আমিন উল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবির, অতিরিক্ত ডিআইজি মো. হাবিবুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ, বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক নিত্যরঞ্জন বিশ্বাস, পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, খুলনা প্রেসক্লাবের সভাপতি ফারুক আহমেদ এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুল লতিফ।
 
এর আগে বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়ার নেতৃত্বে শহীদ হাদিস পার্ক থেকে বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউস মাঠে এসে শেষ হয়। র‌্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
 
পক্ষকালব্যাপী এই মেলায় সরকারি ও বেসরকারি মিলে ৫৮টি স্টল রয়েছে। মেলা চলবে প্রতিদিন সকাল ৯টা থেকে রাত আটটা পর্যন্ত।
 
ইত্তেফাক/ইউবি