নবযুগ পঞ্জিকায় বাংলা সনের তারিখ

আপডেট : ২০ এপ্রিল ২০১৯, ২১:৫৩

প্রচলিত বাংলা সনের তারিখ গণনার জটিল পদ্ধতিকে সহজ করার লক্ষ্যে বাংলা একাডেমি যে পদ্ধতি নির্ধারণ করেছিল তা বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত হয়। বর্তমানে বাংলাদেশের সর্বত্র এই পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। এই পদ্ধতিতে বাংলা সনের তারিখ গণনা এরূপ: বৈশাখ থেকে ভাদ্র মাস পর্যন্ত প্রতি মাস ৩১ দিন এবং আশ্বিন থেকে চৈত্র মাস পর্যন্ত প্রতি মাস ৩০ দিন। ইংরেজি সনের লিপি ইয়ারে ফাল্গুন মাস ৩১ দিন। বৈশাখ মাস শুরু হয় খ্রিস্টাব্দের ১৪ এপ্রিল। দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে প্রকাশিত বাংলা পঞ্জিকাগুলিতে প্রচলিত বাংলা সনের পাশাপাশি বাংলা একাডেমির নির্ধারিত বাংলা সনও সঠিকভাবে ছাপা হয়ে আসছিল।

কিন্তু ঢাকার নিউ এজ পাবলিকেশন্স প্রকাশিত নবযুগ (হাফ) পঞ্জিকা ১৪২৪ সাল থেকে নিয়মিতভাবে বাংলা একাডেমির নিয়ম ব্যত্যয় করে আশ্বিন মাসকে (৩০ দিনের স্থলে) ৩১ দিনে দেখিয়ে আসছে। এ মোতাবেক প্রতি বছর দিনের সংখ্যা দাঁড়ায় ৩৬৬-তে! তাই অবিলম্বে এটা সংশোধনের লক্ষ্যে বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করছি বাংলা সন সম্পর্কিত বিভ্রান্তি দূর করার জন্য।

এ বি এম মোশাররফ হুসাইন

বাসাবাটি প্রধান সড়ক, বাগেরহাট ৯৩০০