শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট : ২১ জুলাই ২০১৮, ১৬:১০
শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত দুইজন হলেন উপজেলার মোবারকপুর ইউনিয়নের ত্রিমোহনী বাজারের মোকবুল হোসেনের ছেলে বাহাদুর রহমান (৪০) ও চককীর্তি ইউনিয়নের কৃষ্ণচন্দ্রপুর গ্রামের এনামুল হকের ছেলে মুকুল (৪২)। 
 
আজ শনিবার দুপুর ১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ধোবপুকুর নামক স্থানে এ ঘটনা ঘটে।
 
শিবগঞ্জ থানার এসআই জুয়েল জানান, ঐ সময় মোটরসাইকেল আরোহী বাহাদুর ও মুকুল মোটরসাইকেল যোগে সোনামসজিদ যাবার পথে ধোবপুকুর বাজার এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়।  এতে মাথা ফেটে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই দুইজনেই নিহত হন। লাশ দুটি উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।
 
শিবগঞ্জ থানার ওসি শিকদার মো. মশিউর রহমান ঘটনার নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। পরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
ইত্তেফাক/কেকে