স্বাধীনতা দিবস ফুটবল শুরু ডিসেম্বরে

আপডেট : ২৫ নভেম্বর ২০১৮, ২১:২২

g স্পোর্টস রিপোর্টার

আগামী ১ ডিসেম্বর বিজয় দিবসের মাস শুরু। ঠিক সে সময় বাফুফের লিগ কমিটি স্বাধীনতা দিসব ফুটবল টুর্নামেন্ট শুরু করবে। টানা ২৫ দিন পর্যন্ত খেলা হবে। ঘোষণা ছিল ৩০ নভেম্বর স্বাধীনতা কাপ শুরু হবে। কিন্তু কাল বিকালে টুর্নামেন্টের গ্রুপিং ও ড্র অনুষ্ঠানে ঘোষণা দেয়া হয় একদিন পিছিয়ে ১ ডিসেম্বর শুরু হবে টুর্নামেন্ট।

ফেডারেশন কাপ ফুটবলে যে কয়টি দল ছিল সেই ১৩ দলই খেলছে চার গ্রুপে। ফেডারেশন কাপ ফুটবলে ‘ঘ’ গ্রুপে ছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং বসুন্ধরা কিংস। এবারও তারা একই গ্রুপে পড়েছে। এই দুই দলের সঙ্গে রয়েছে ফেডারেশন কাপের সেমি-ফাইনালে খেলা শেখ রাসেল ক্রীড়াচক্র। কঠিন গ্রুপেই পড়েছে শেখ জামাল, শেখ রাসেল এবং বসুন্ধরা। এই তিন দল ফেডারেশন কাপ ফুটবলের সেমি-ফাইনাল খেলছে। দুর্বল গ্রুপে পড়েছে ফেডারেশন কাপের চ্যাম্পিয়ন আবাহনী। তাদের প্রতিপক্ষ ব্রাদার্স ও মুক্তিযোদ্ধা। মোহামেডানের গ্রুপে আবারও চার দল পড়েছে। এবারও নোফেল স্পোর্টিং ক্লাব মোহামেডানের সঙ্গী হয়েছে। ১২ দলের ড্র হওয়ার পর শেষ দল হিসাবে নোফেলকে নিয়েও ড্র হয়। তারা ‘খ’ গ্রুপে পড়ে।

স্বাধীনতা কাপ ফুটবলের ড্র অনুষ্ঠানে কাল উঠে আসল ফেডারেশন কাপ ফুটবলের ফাইনালে ঘটে যাওয়া নানা অপ্রীতিকর ঘটনার কথা। ফাইনালে বসুন্ধরা কিংস এবং আবাহনীর  খেলোয়াড়রা মারামারি করেছে। স্বাধীনতা কাপ ফুটবলে মারামারি প্রভাব না পড়ে সেটা খেয়াল রাখার বিষয়টি জানিয়েছেন লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী। ফাইনালে দর্শক মাঠে ঢুকে গিয়েছিল। কিভাবে দর্শকের অবৈধ প্রবেশ ঠেকানো যায় তা নিয়েও লিগ কমিটির চিন্তা রয়েছে। কারণ ফেন্সিং টপকে গিয়ে দর্শক ঢুকেছে। পুলিশী নিরাপত্তা নতুন করে সাজাবার চিন্তা করা হচ্ছে।

গত জানুয়ারিতে স্বাধীনতা কাপ ফুটবল শুরু হয়ে ১০ ফেব্রুয়ারি ফাইনাল হয়েছিল। আরামবাগ ২-০ গোলে চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।   

ক গ্রুপ : সাইফ স্পোর্টিং ক্লাব, আরামবাগ ক্রীড়া সংঘ, বিজেএমসি

খ গ্রুপ : চট্টগ্রাম আবাহনী, মোহামেডান, রহমতগঞ্জ, নোফেল স্পোর্টিং ক্লাব

গ গ্রুপ : আবাহনী, ব্রাদার্স, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র

ঘ গ্রুপ : শেখ জামাল ধানমন্ডি ক্লাব, শেখ রাসেল ক্রীড়াচক্র, বসুন্ধরা কিংস