যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসে এক সন্দেহভাজন জিম্মিকারীকে আটক করেছে স্থানীয় পুলিশ। আটক করা ওই ব্যক্তি, গ্রেফতারের আগে স্থানীয় একটি সুপারশপের ভেতরে প্রায় ৪০ জন মানুষকে জিম্মি করে রাখে। ঘটনায় একজন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। খবর বিবিসি’র।
খবরে বলা হয়, সন্দেহভাজনকে আটক করার আগ দিয়ে লস এঞ্জেলসের ট্রেডার জো’স সুপারমার্কেট থেকে মানুষজনকে দৌড়ে বের হতে দেখা গেছে। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তি সেখানে ৪০ জন মানুষের সঙ্গে নিজেকে একটি দোকানে অবরুদ্ধ করে রেখেছিল। ঘটনায় একজন নিহত হয়েছে।
পুলিশ এক টুইটে জানিয়েছে, আমরা সন্দেহভাজনকে কোন অঘটন ছাড়াই গ্রেফতার করতে সফল হয়েছি।
গ্রেফতারকৃত ওই ব্যক্তির বয়স ২৮ বছর। নিজের দাদী ও অপর এক নারীকে গুলি করে গাড়ি নিয়ে পালায় সে। তার দাদীর অবস্থা আশঙ্কাজনক।
ওই ঘটনায় তাকে গ্রেফতার করতে তার গাড়ি অনুসরণ করছিল পুলিশ। তখন পুলিশকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে সে। সেসময় দোকানের সঙ্গে তার গাড়ি ধাক্কা খেলে সে গাড়ি থেকে নেমে দোকানে প্রবেশ করে। সেখানে দোকানের ভেতর অবস্থানকারী সকলকে জিম্মি করে রাখে।
প্রায় তিন ঘণ্টার মত সুপারশপটিতে সবাইকে জিম্মি করে রাখার পর পুলিশের কাছে আত্মসমর্পণ করে সে। দোকান থেকে বের হওয়ার আগে সে নিজেই নিজের হাতে হাতকড়া পড়ার অনুরোধ জানায়।
পুলিশ জানায়, দোকানটির ভেতর বা বাইরে এক নারীকে গুলি করে হত্যা করেছে এই ব্যক্তি। নিহতের পরিচয় এখনো সনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ। এর আগে তার গাড়ি থেকে এক আহত নারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় বলেছেন, তিনি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।
ইত্তেফাক/ জেআর
