বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

আপডেট : ২০ এপ্রিল ২০১৯, ২২:০৩

বেতনভাতা পরিশোধের দাবিতে বাড্ডা লিংক রোড অবরোধ করে বিক্ষোভ করেছে স্টার গার্মেন্টস প্রাইভেট লিমিটেডের পোশাক শ্রমিকরা। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টা থেকে সোয়া ১২টা পর্যন্ত শ্রমিকরা এ কর্মসূচি পালন করে। সড়ক অবরোধের কারণে ওই এলাকার রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে পুলিশের আশ্বাসে তারা অবরোধ তুলে নেন।

শ্রমিকরা বলেন, মাসের বেতন নির্ধারিত তারিখে পরিশোধ না করে প্রতি মাসে মালিক তাদের পাওনা দিতে গড়িমসি করেন। তাই তারা বাধ্য হয়ে সড়ক অবরোধ করেন। গতকাল শনিবার বেতন-ভাতা দেওয়ার কথা থাকলেও গার্মেন্টস মালিকপক্ষের কেউ আসেননি। রাশিদা নামে এক গার্মেন্টসকর্মী বলেন, আমরা পেটের দায়ে গার্মেন্টসে চাকরি করি। বেতন নির্ধারিত সময়ে পাই না। এমাসের ২০ তারিখ পার হয়ে গেলেও বেতন দেবার কোনো খবর নেই। গার্মেন্টসকর্মী আমানুল্লাহ বলেন, এপ্রিলের ২০ তারিখ চলছে। আমরা এখনো মার্চ মাসের বেতন পাইনি। বেতন না পাওয়ায় বাড়ি ভাড়ার টাকা এখনো দিতে পারিনি। খাওয়ার খরচ নেই। ধার করে চলছি। আর পারছি না। তাই আজ বাধ্য হয়ে বেতনের দাবিতে সড়কে নেমেছি। এদিকে শ্রমিকদের সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করায় ভোগান্তিতে পড়তে হয়েছে যাত্রীদের। বাড্ডা থানার ইন্সপেক্টর রফিকুল ইসলাম বলেন, স্টার গার্মেন্টসের কর্মী বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছিল। আমরা তাদের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন। আমরা মালিকের সঙ্গে বেতনের বিষয়ে কথা বলেছি। মালিক আমাদের নিয়ে শ্রমিকদের সঙ্গে বসবেন। আশা করি, ভালো একটা সমাধান হবে।