মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ শিক্ষার্থীদের উদ্দেশে বলেছেন, বর্তমানে বাংলাদেশে শিক্ষার্থীদের মধ্যে মূল্যবোধের অবক্ষয় দেখা দিয়েছে। আমাদের হারানো মূল্যবোধ ফিরিয়ে আনতে হবে। রাজনৈতিক আদর্শ থাকবে কিন্তু সংঘাত থাকবে না।
রবিবার সকালে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগ আয়োজিত আলোচনা সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এ সব কথা বলেন। এর আগে মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজন করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রার। শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের গবেষণা পুকুরে পোনা অবমুক্ত করেন মন্ত্রী।
শিক্ষার্থীদের উদ্দেশে নারায়ণ চন্দ্র চন্দ বলেন, যারা মুরব্বি তাদের সম্মান করতে হবে। আমাদের এখন মূল্যবোধের অবক্ষয় এমন পর্যায়ে গেছে যে, মুরব্বিদের আর শ্রদ্ধা করি না। আমাদের মূল্যবোধকে ফিরিয়ে আনতে হবে। জাতি এগোচ্ছে কিন্তু কোথায় জানি আমরা পেছাচ্ছি। এই পিছনে যাওয়াকে আমাদের মেরামত করতে হবে। তাহলে আমরা আরও দ্রুত এগিয়ে যেতে পারব। দেশ এগিয়ে যাচ্ছে। এই এগিয়ে যাওয়ার ভারসাম্য রক্ষা করতে হলে আমাদের মূল্যবোধকে ফিরিয়ে আনতে হবে। এ ক্ষেত্রে ছাত্ররাই অগ্রণী ভূমিকা রাখতে পারে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে নারায়ণ চন্দ্র চন্দের দেখা হওয়া মুহূর্তের স্মৃতিচারণ করে তিনি বলেন, বঙ্গবন্ধু ছিলেন একজন মানবতাবাদি মানুষ। মানুষের কল্যাণে তিনি ছিলেন দরদি। ক্ষুদা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়াই ছিল বঙ্গবন্ধুর লক্ষ্য। কিন্তু সেটা সময়ের অভাবে তিনি পূরণ করে যেতে পারেননি। এখন সেটা করিয়ে দেখাছেন তাঁর কন্যা জননেত্রী শেখ হাসিনা।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শেখ অফিল এমপি, যবিপ্রবির ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আনিছুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা শফিকুর রহমান, যবিপ্রবি শাখা ছাত্রলীগের সভাপতি সুব্রত বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে জেলা মৎস্য অফিসের পক্ষ থেকে সফল চাষীদের ক্রেস্ট ও সনদ দিয়ে সম্মাননা জানানো হয়। সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন প্রধান অতিথি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ।
ইত্তেফাক/এমআই
